সৌদি তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিস্তার এবং জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। সৌদি আরবের প্রধান তেল রপ্তানি কেন্দ্রে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার দাবি এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণের খবরে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রতি ব্যারেল ৮৪ ডলারের কাছাকাছি অবস্থান করছে। আগের দুই কার্যদিবসে এই তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে।
জ্বালানি বাজারে এই অস্থিরতার পেছনে দুটি বড় ঘটনাকে দায়ী করছেন বিশ্লেষকরা। প্রথমত, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী বুধবার দাবি করেছে, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় দুটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত হানে। এতে জাহাজ দুটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।
দ্বিতীয়ত, সৌদি আরবেও নতুন করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। দেশটির বৃহত্তম ও প্রধান তেল রপ্তানি কেন্দ্র ‘রাস তানুরা’ এসব হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল। এই দুটি ঘটনার ফলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত প্রশমনে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা চললেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। উল্টো তেহরান ওয়াশিংটনকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল শুরু হবে না।
(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













