কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪২
অ- অ+

দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলানগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। প্রাণিজ আমিষের উৎপাদন কেবল খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার বিষয় নয়, এর সঙ্গে দেশের অর্থনৈতিক স্বাবলম্বিতার বিষয়টিও গভীরভাবে জড়িত।”

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় প্রাণিসম্পদ পদক’ প্রদান করেন প্রধানমন্ত্রী।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনী। মেলায় ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন স্থান পেয়েছে, যেখানে আধুনিক খামার ব্যবস্থাপনা ও প্রাণিসম্পদ প্রযুক্তির নানা দিক তুলে ধরা হচ্ছে।

বৃহস্পতিবার শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী শনিবার (২৮ নভেম্বর) পর্যন্ত। দিবসটি উপলক্ষে রাজধানী ছাড়াও দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রদর্শনীসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদি তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী আয়োজনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
চুয়েটে ফের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার