বঙ্গভবনে যাওয়ার পথে মাহমুদুর রহমানের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫০
অ- অ+

হাইকোর্টে কার্যক্রম স্থগিত থাকা ২০১৮ সালের একটি মানহানি মামলার গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় গিয়েছে পুলিশ। গতকাল বুধবার সকালে রাজধানীর গুলশান থানার একজন উপ-পরিদর্শক (এসআই) পরোয়ানা নিয়ে তাঁর বাসায় হাজির হন। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সকালে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে বঙ্গভবনে এক মতবিনিময় সভায় যোগ দিতে বাসা থেকে বের হচ্ছিলেন মাহমুদুর রহমান। ঠিক সেই মুহূর্তে গুলশান থানার ওই এসআই তাঁর বাসায় উপস্থিত হন।

পুলিশ কর্মকর্তা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে এবং সেই পরোয়ানা তামিল করতেই তিনি এসেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, পরোয়ানা জারি হওয়া মামলাটি ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় দায়ের করেছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৫ ছাড়াও ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছিল। এ মামলায় অপর দুই আসামি হলেন বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ (যিনি ২০২১ সালের ১৬ মার্চ মৃত্যুবরণ করেন) এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিম।

নথিপত্র অনুযায়ী, মামলাটির কার্যক্রম হাইকোর্ট বেঞ্চ ইতিপূর্বে স্থগিত করেছেন। এমনকি চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট কোর্ট এক আদেশে হাইকোর্টের স্থগিতাদেশের বিষয়টি উল্লেখ করে মামলার পরবর্তী তারিখ আগামী বছরের ২৭ জানুয়ারি নির্ধারণ করেন। অথচ সেই স্থগিত হওয়া মামলার ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর জারি করা পুরোনো পরোয়ানা (ওয়ারেন্ট নম্বর আর-১৬/২৬) তামিল করতেই পুলিশ গতকাল মাহমুদুর রহমানের বাসায় যায়।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে বিগত সরকারের আমলে রাষ্ট্রদ্রোহ, হত্যাচেষ্টা, মানহানি ও আদালত অবমাননাসহ নানা অভিযোগে ঢাকাসহ দেশের প্রায় সব জেলায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়েছিল। একাধিক মামলায় সাজা ও দীর্ঘ সময় কারাভোগের পাশাপাশি চব্বিশের গণঅভ্যুত্থানের পরও একটি মামলায় আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয়েছিল তাঁকে।

জুলাই বিপ্লব-পরবর্তী ২৮ মাসে অন্তর্বর্তী ও বর্তমান সরকারের আমলে আইনমন্ত্রী সংসদে রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য জানালেও মাহমুদুর রহমানসহ আমার দেশ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এখনো চলমান রয়েছে এবং নির্ধারিত দিনে হাজির না হলে পরোয়ানা জারি হচ্ছে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
২৪ ঘণ্টায় খুলনা জেলায় ৩১ আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার
বিশ্ব বাজারে দাম কমার পরও দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন