মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণে নিহত ১

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে শুরু হওয়া ধাওয়া-পাল্টাধাওয়া, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে সেলিম মোল্লা (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চার বছরের এক শিশুসহ অন্তত চারজন আহত হয়েছেন এবং আলমগীর নামে একজন নদীতে নিখোঁজ রয়েছেন।
স্থানীয়রা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ মোল্লা এবং একই দলের নেতা রহিম মোল্লার সমর্থকদের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত ১১ নভেম্বরও দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সেই বিরোধের ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে তারা আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
সংঘর্ষে গুরুতর আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক সেলিম মোল্লাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, সংঘর্ষের সময় প্রাণ বাঁচাতে গিয়ে বা ধাওয়ার মুখে পড়ে আলমগীর নামে একজন নদীতে নিখোঁজ হন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষ ঘটেছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
ওসি আরও জানান, নদীতে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ যৌথভাবে কাজ করছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













