ট্রাম্পের নতুন শুল্কে বিশ্ববাণিজ্যে অস্থিরতা, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ১৪:০৯
অ- অ+

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণায় বিশ্ববাণিজ্যে নতুন করে অস্থিরতা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বুধবার ওয়াশিংটনের পক্ষ থেকে বাংলাদেশ, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি বড় বাণিজ্যিক অংশীদারের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছে। একইসঙ্গে শুল্ক ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও ধস নেমেছে।

চীনের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ শুল্কের প্রস্তাব

নতুন প্রস্তাবে চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে চীনের ওপর আরোপ করা প্রায় ২৫ শতাংশ শুল্ক এখনো বহাল রয়েছে। তবে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থার আওতায় প্রায় ৩০ বিলিয়ন ডলারের চীনা পণ্য এই নতুন শুল্কের বাইরে থাকতে পারে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের দাবি, চীন বিভিন্ন শিল্পে ভর্তুকি দিয়ে কম দামে ইস্পাত, বৈদ্যুতিক গাড়ি ও সৌরবিদ্যুৎ পণ্য উৎপাদন ও রপ্তানি করছে। এই ‘অতিরিক্ত উৎপাদনের’ কারণে আন্তর্জাতিক বাজারে অন্য দেশগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ছে।

তবে বেইজিং এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, অতিরিক্ত উৎপাদনের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। তিনি বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

শুল্কের আওতায় বাংলাদেশসহ ১৪ অংশীদার

চীন ছাড়াও প্রস্তাবিত নতুন শুল্কের তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্যদেশ। তবে মেক্সিকো ও নরওয়ের বাণিজ্যচর্চা নিয়ে তদন্ত চলমান থাকায় দেশ দুটিকে আপাতত এ তালিকার বাইরে রাখা হয়েছে।

ইউরোপ ও সুইজারল্যান্ডের প্রতিক্রিয়া

নতুন শুল্ক প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের তদন্তের ফলাফল পর্যালোচনা করবে। তবে ইউরোপকে অতিরিক্ত উৎপাদনের উৎস হিসেবে দেখানোর অভিযোগ প্রত্যাখ্যান করে ইউরোপীয় কমিশনের মুখপাত্র ওলোফ গিল বলেন, অতিরিক্ত উৎপাদনের কারণে ইউরোপ বরং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি। সুইজারল্যান্ড সরকারও যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এছাড়া নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে জানিয়েছেন, তাদের দেশের প্রতিষ্ঠানগুলো বাজারের চাহিদা অনুযায়ীই পণ্য উৎপাদন করে।

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ও স্বর্ণের দামে পতন

শুল্ক ঘোষণার পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির সূচক ০.৩ শতাংশ বাড়ার খবরে দেশটির আর্থিক বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। লেনদেন শেষে প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ০.৬ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.২৫ শতাংশ কমেছে। তবে ডাও জোন্স সূচক ঘুরে দাঁড়িয়ে ০.৩ শতাংশ বেড়ে দিন শেষ করেছে।

অন্যদিকে, নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি কমে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। একই সময়ে কমেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরকারি বন্ডের মুনাফার হারও।

(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণে নিহত ১
মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার
পল্টন থানার হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেপ্তার, পাঠানো হচ্ছে আদালতে: ডিএমপি
কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী