হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্তে নতুন তথ্য

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ১৬:০৩
অ- অ+

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির মৃত্যুর এক মাস পেরিয়ে গেলেও রহস্যের জট খুলতে পারেনি তদন্ত সংস্থা। হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—এই তিনটি বিষয় সামনে রেখে তদন্ত চালাচ্ছে নৌ পুলিশ। ইতোমধ্যে অন্তত ৪০ জনের বক্তব্য ও সাক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি চারটি গুরুত্বপূর্ণ স্থানের তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে।

তবে এখনো পাওয়া যায়নি ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন। ফলে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।

তাহসিফের বাবা একেএম এনায়েতুল করিমের করা হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন তার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত স্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার দীপ এবং পূর্বপরিচিত এক তরুণী। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলার তদন্ত তত্ত্বাবধান করছেন নৌ পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক রেজাউল করিম। তিনি জানান, হত্যা, আত্মহত্যা ও দুর্ঘটনা—সব সম্ভাবনাই বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। সব প্রশ্নের উত্তর পাওয়ার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে তদন্তের ফল জানানো হবে। পরে আদালতে পুলিশ প্রতিবেদন জমা দেওয়া হবে।

চারটি স্থানে গুরুত্ব দিচ্ছেন তদন্তকারীরা

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মৃত্যুর আগে তার চলাচলের ধারাবাহিকতা অনুসন্ধান করছেন কর্মকর্তারা। এ ক্ষেত্রে উত্তরার বাসা, একটি হোটেল, একটি বার এবং তুরাগ নদের পাড়ের টঙ্গী মাজার রোড বস্তি এলাকা বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এসব স্থানে ঘটনার দিন কী ঘটেছিল, কারা উপস্থিত ছিলেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের সঙ্গে অন্যান্য তথ্য-প্রমাণের মিল রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারীরা বলছেন, কোনো একটি তথ্যের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান না তারা। প্রত্যেকের বক্তব্য, চলাচলের তথ্য ও পারিপার্শ্বিক পরিস্থিতি মিলিয়ে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন অপেক্ষায়

তাহসিফের মরদেহ উদ্ধারের পর তৈরি সুরতহাল প্রতিবেদনে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকার কথা উল্লেখ করা হয়েছে।

পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে তার ময়নাতদন্ত করা হয়। এ সময় পাকস্থলী, লিভার, কিডনি ও রক্তের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। এসব পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে।

তদন্তকারীদের ধারণা, পরীক্ষার ফলাফল মৃত্যুর কারণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য এবং টেলিভিশনের টকশোতে আলোচকদের মন্তব্যও যাচাই করছে নৌ পুলিশ। এসব বক্তব্যে ঘটনার গুরুত্বপূর্ণ কোনো সূত্র কিংবা তথ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেননি।

যেভাবে বের হয়েছিলেন তাহসিফ

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পে নিজেদের বাসার নিচ থেকে দীপের মোটরসাইকেলে করে বের হন তাহসিফ।

পরে পূর্বপরিচিত এক তরুণীকে নিয়ে উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বারে যান তিনি। সেখানে দীপও উপস্থিত ছিলেন।

এর পরদিন ২৮ অক্টোবর বিকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে নৌ পুলিশ খবর পায়, উত্তরখান থানার রাজবাড়ি ঘাটসংলগ্ন তুরাগ নদে এক ব্যক্তির মরদেহ ভাসছে।

পরে মরদেহের পায়জামার পকেটে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। তিনি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরি (২৮)।

তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হলেও এখন পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের বাকি তথ্য সামনে এলেই এই রহস্যের জট খুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন 
সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন কারাগারে
দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু