ফুসফুসের ক্যানসার প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: খুবি উপাচার্য

ক্যানসার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, সময়োপযোগী গবেষণা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, ক্যানসার শুধু একজন ব্যক্তিকে আক্রান্ত করে না, বরং একটি পরিবারকে শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক সংকটের মুখে ফেলে। তাই এ রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গবেষণাকে আরও কার্যকর ও প্রয়োগমুখী করতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ফুসফুসের ক্যানসারবিষয়ক এক সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘এমপাওয়ারিং ইয়ুথ ফর হেলদি লাংস’ প্রতিপাদ্যে নভেম্বর মাসব্যাপী ফুসফুসের ক্যানসার সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিন এ সেমিনারের আয়োজন করে। এতে সহযোগিতা করে বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।
উপাচার্য বলেন, দেশের উন্নয়ন ও বিদ্যমান সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার মাধ্যমে কার্যকর ভূমিকা রাখতে হবে। বিশেষ করে জনস্বাস্থ্যসংশ্লিষ্ট জটিল রোগ প্রতিরোধ ও চিকিৎসায় যুগোপযোগী এবং সমাজের প্রয়োজনভিত্তিক গবেষণার বিকল্প নেই। গবেষণালব্ধ জ্ঞান যেন বাস্তব জীবনে মানুষের কল্যাণে কাজে লাগে, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, দেশের ওষুধশিল্পের বিকাশে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। জনস্বাস্থ্য সুরক্ষায় বিশ্ববিদ্যালয়, চিকিৎসক ও ওষুধশিল্পের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে তরুণ প্রজন্মকে ধূমপান ও মাদক থেকে দূরে থেকে স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান তিনি। সেমিনারে সহযোগিতার জন্য বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসিকে ধন্যবাদ জানান উপাচার্য।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন, বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির অনকোলজি বিভাগের সিনিয়র মার্কেটিং ম্যানেজার সাফায়েত হোসেন এবং অ্যাসিস্ট্যান্ট সেলস অপারেশনস ম্যানেজার মো. ফয়সাল আনোয়ার।
অনুষ্ঠানে ফুসফুসের ক্যানসার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি ও অনকোলজি বিভাগের প্রধান ডা. মো. মুকিতুল হুদা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান।
ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. জামিল আহমদ শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. আনিসুজ্জামান।
(ঢাকা টাইমস/২৪নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













