বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ডিএনসিসির আন্তর্জাতিক হাফ ম্যারাথন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬।
শুক্রবার ভোরে রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) গেট থেকে প্রতিযোগিতা শুরু হয়। এতে তিনটি ক্যাটাগরিতে প্রায় ৫ হাজার প্রতিযোগী অংশ নেন।
ভোর ৫টায় ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার মধ্যে ছিল ২১ দশমিক ৫ কিলোমিটারের হাফ ম্যারাথন, ১০ কিলোমিটারের দৌড় এবং শিশু-কিশোরদের জন্য ১ দশমিক ৫ কিলোমিটারের দৌড়। ভোর ৫টায় হাফ ম্যারাথন দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। এরপর সকাল সাড়ে ৫টায় ১০ কিলোমিটারের দৌড় এবং সকাল সাড়ে ৭টায় শিশু-কিশোরদের দৌড় অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে তিনটি ক্যাটাগরির অংশগ্রহণকারীদের মধ্যে মেডেল বিতরণ করা হয়। পরে প্রতিটি ক্যাটাগরিতে ১০ জন করে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
অনুষ্ঠানে ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। র্যাফল ড্রয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬ এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












