১০ বছরে পা দিল ‘রাইজ অ্যাবাভ অল’, দশম আসরে থাকছে নানা আয়োজন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৬, ০০:৫২
অ- অ+

ছোট্ট একটি উদ্যোগ হিসেবে যাত্রা শুরু হয়েছিল নয় বছর আগে। সময়ের সঙ্গে তা পরিণত হয়েছে তরুণদের জন্য পরিচিত ও অনুপ্রেরণাদায়ক একটি প্ল্যাটফর্মে। সাফল্যের পাশাপাশি ব্যর্থতা, কঠিন সময় ও ভুল সিদ্ধান্ত থেকে ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাইজ অ্যাবাভ অল’। আগামীকাল শুক্রবার বসছে আয়োজনটির দশম আসর।

‘রাইজ অ্যাবাভ অল ১০এক্স’ শিরোনামে এবারের আয়োজন অনুষ্ঠিত হবে রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে দিনব্যাপী এই আয়োজন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, গত নয়টি আসরে সরাসরি অংশ নিয়েছেন ২১ হাজার ৫০০-এর বেশি মানুষ। এসব আয়োজনকে কেন্দ্র করে তৈরি হয়েছে ১ হাজার ৫৫০টির বেশি কনটেন্ট। অনলাইনে এসব কনটেন্টের ভিউ ও এনগেজমেন্ট মিলিয়ে ছাড়িয়েছে ১০ কোটি।

এবারের আয়োজনে দেশের বিভিন্ন খাতের করপোরেট ব্যক্তিত্ব ও নেতৃত্বস্থানীয়রা নিজেদের পেশাগত অভিজ্ঞতা, সাফল্য, চ্যালেঞ্জ এবং জীবনের নানা শিক্ষা তুলে ধরবেন।

বক্তাদের মধ্যে রয়েছেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন, বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হোসাইন, ওয়ান ব্যাংকের সিইও মুহিত রহমান, একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা, লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম, এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির এবং ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা।

এবারের আসরে বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো রাইজ অ্যাবাভ অল-এর মঞ্চে বক্তব্য দেবেন ইউনাইটেড আইগ্যাস এলপিজির প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ওর্তাচ। এ ছাড়া উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী সাবিলা নূর। দিনব্যাপী আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের পর মঞ্চে সংগীত পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ।

আয়োজনটির অন্যতম বৈশিষ্ট্য হলো, বক্তারা এখানে শুধু নিজেদের সাফল্যের গল্প তুলে ধরেন না। জীবনের কঠিন সময়, ব্যর্থতা, ভুল সিদ্ধান্ত এবং সেসব অভিজ্ঞতা থেকে কীভাবে ঘুরে দাঁড়িয়েছেন, তা-ও তুলে ধরেন। ফলে তরুণেরা বিভিন্ন খাতের সফল ব্যক্তিদের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতা ও শিক্ষা নেওয়ার সুযোগ পান।

বিশেষ করে শিক্ষার্থী, নতুন উদ্যোক্তা এবং পেশাজীবনে নতুন দিশা খুঁজছেন—এমন ব্যক্তিদের জন্য আয়োজনটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করবে বলে মনে করছেন আয়োজকেরা।

মূল মঞ্চের পাশাপাশি দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল থাকবে। সেখানে দর্শনার্থীরা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও সেবা সম্পর্কে জানার পাশাপাশি প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন।

এবারের আয়োজনের টাইটেল স্পনসর মাস্টারকার্ড এবং পাওয়ার্ড বাই স্পনসর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। ডন সামদানী ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সি আয়োজনটি করছে। ফিট এলিগেন্সের সঙ্গে অনুষ্ঠিতব্য এই আয়োজনে এনার্জি পার্টনার ইউনাইটেড আইগ্যাস, স্ট্র্যাটেজিক পার্টনার স্বপ্ন এবং মিউজিক্যাল পার্টনার বাটা।

আয়োজনটির কো-স্পনসর হিসেবে রয়েছে ইউনাইটেড হেলথকেয়ার, পোলার আইসক্রিম, কুল, অ্যাকোয়া পেইন্টস, এসএমসি প্লাস, অপো ও শেলটেক। এ ছাড়া সহযোগী হিসেবে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও গণমাধ্যম।

দশম আসর উপলক্ষে আয়োজকদের প্রত্যাশা, এবারের আয়োজনও তরুণদের নতুনভাবে ভাবতে, শিখতে এবং নিজেদের সম্ভাবনাকে আরও বড় পরিসরে দেখতে অনুপ্রাণিত করবে। রাইজ অ্যাবাভ অল ১০এক্স-এর টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাই প্ল্যাটফর্মে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীতে তিন বাসে আগুন
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি মশিউর, সম্পাদক শফিউল
খুলনায় ২ শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন