ডিসেম্বরে কেউ আসবে না, শুধু শীত আসবে—আপনারা জাম্পার কেনেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ২০:১১
অ- অ+

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরছেন—এমন গুঞ্জন নাকচ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ প্রসঙ্গে কিছুটা কৌতুকের সুরে তিনি বলেছেন, ডিসেম্বরে শেখ হাসিনা বা অন্য কেউ আসবেন না, আসবে শুধু শীত। তাই সবাইকে জাম্পার কেনার পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা কখনো দেশে ফিরলে তা দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় হতে হবে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি আগেই সিলেটে এক সভায় বলেছি—ডিসেম্বরে শেখ হাসিনা বা আর কেউই আসবেন না; শুধু শীত আসছে। আপনারা জাম্পার কেনেন।’

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, তাকে দেশে আনতে হলে আনুষ্ঠানিক হস্তান্তর প্রক্রিয়ার মধ্য দিয়েই আনতে হবে। সেটি উড়োজাহাজে হাতকড়া পরিয়ে কিংবা আইনি নজরদারির মাধ্যমে হতে পারে। এটাই তার দেশে ফেরার একমাত্র আইনি পথ।

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা কোনো সাধারণ বেসামরিক যাত্রী নন; তিনি একাধিক গুরুতর অপরাধে অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত। সাধারণ ভ্রমণকারী এবং ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হতে পারে না।

তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারতের কাছে প্রয়োজনীয় আইনি আবেদন ও নথিপত্র পাঠিয়েছে। এখন ভারতের পদক্ষেপের অপেক্ষায় রয়েছে ঢাকা।

শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তিনি তার রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারিয়েছেন এবং নিজের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনাও দেখাননি।

এ ছাড়া শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামিদেরও একই প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করা নিয়ে পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর কথিত মন্তব্যের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের সব দেশের রাজনীতিতেই কিছু উন্মাদ বা অসংলগ্ন মানুষ থাকেন। বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তৈরি হবে এবং থাকবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে।

তিনি সাংবাদিকদের এ ধরনের বক্তব্যকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের মূলধারা থেকে আলাদা করে দেখার আহ্বান জানান। একই সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বাংলাদেশের আনুষ্ঠানিক সম্পর্কের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন।

ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘সেকশন ৩০১’ শুল্কনীতি এবং মার্কিন বাণিজ্য দপ্তরের (ইউএসটিআর) সাম্প্রতিক প্রতিবেদন নিয়েও কথা বলেন হুমায়ুন কবির।

বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর প্রস্তাবিত এই শুল্কনীতিকে ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচির অংশ হিসেবে উল্লেখ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত কিছু শর্ত ও ধারার বিষয়ে বাংলাদেশের নীতিগত আপত্তি রয়েছে। ওয়াশিংটনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বাংলাদেশের যুক্তি ও অবস্থান তুলে ধরা হবে। এ বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে।

তুলা আমদানির উদাহরণ দিয়ে তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ তুলা আমদানি করে। সেই তুলা দিয়ে দেশের কারখানাগুলোতে পোশাক তৈরি করে আবার যুক্তরাষ্ট্রের বাজারেই রপ্তানি করা হয়।

হুমায়ুন কবিরের মতে, দুই দেশের এই পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক শুল্ক নিয়ে আলোচনার ক্ষেত্রে একটি শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে।

তিনি আরও জানান, আগামী ২৬ জানুয়ারি মার্কিন ট্রেড রিপ্রেজেনটেটিভের (ইউএসটিআর) নির্ধারিত গণশুনানিতে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে নিজেদের যুক্তি ও অবস্থান তুলে ধরবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আ.লীগের ৩০৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
ঘাটাইলে অবৈধ বাংলা ড্রেজার জব্দ
ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি
২৪ ঘন্টায় মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৫ জন গ্রেপ্তার