আ.লীগ ফিরলে সবচেয়ে বেশি বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে সবচেয়ে বেশি বিপদে পড়বে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক সভায় নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের অনেকের ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানা অন্যরা দেখভাল করছেন। সরকারি দলের অনেকে এসব ব্যবসা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সুবিধা নিচ্ছেন।
তিনি অভিযোগ করেন, এসব ব্যবসা থেকে অর্জিত অর্থ শ্রমিক অধ্যুষিত এলাকায় উসকানি ও অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। গার্মেন্টস খাতকে ক্ষতিগ্রস্ত করা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে—এমন বার্তা বিদেশিদের কাছে পৌঁছে দিতে পরিকল্পিতভাবে কৃত্রিম অস্থিরতা তৈরি করা হচ্ছে।
নুরুল হক নুরের দাবি, এসব কর্মকাণ্ডের পেছনে পতিত ফ্যাসিস্টদের অর্থায়ন রয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, শুধু গাজীপুর এলাকাতেই এ ধরনের কর্মকাণ্ডে ১০০ কোটি টাকা অর্থায়ন করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তির বরাত দিয়ে তিনি আরও দাবি করেন, অতীতে ক্ষমতার অপব্যবহার করে লুটপাট চালানো আওয়ামী লীগের নেতাদের অর্থায়ন ও উসকানিতে বিভিন্ন কারখানা বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে।
এসব কর্মকাণ্ডে নিজেদের দলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও অবস্থান নেওয়ার আহ্বান জানান গণঅধিকার পরিষদের সভাপতি। তিনি বলেন, এসব অর্থ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টিতে ব্যয় করা হচ্ছে।
সরকারি দরপত্র প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্মাণকাজ ও সরকারি টেন্ডারে পুরোনো অভিজ্ঞতার শর্তের কারণে এখনো ৮০ শতাংশ কাজ আওয়ামী লীগের লোকজন পাচ্ছেন। এতে নতুন উদ্যোক্তারা কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
নতুন ব্যবসায়ীদের সুযোগ করে দিতে পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধন করা হয়েছে উল্লেখ করে তিনি সবাইকে সরকারি দরপত্রে অংশ নেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত। বক্তব্য দেন জোটের প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার নাসিম খানসহ অন্যরা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













