স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে মন্ত্রী পর্যায়ের এক ব্যক্তি ১৬ ডিসেম্বর ঢাকা দখলের কথা বলেছেন। আমি তার এ বক্তব্যের জন্য ধিক্কার জানাই। এ দেশের মানুষ রক্ত দিয়ে নিজেদের স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমাদের অহংকার। আমাদের এক ইঞ্চি মাটিতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কোনো আধিপত্যবাদী শক্তি এখানে নিতে পারবে না।
বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে বড় সমাবেশের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধনের প্রস্তুতি হিসেবে এ যৌথ সভার আয়োজন করা হয়। বিএনপি আশা করছে, উদ্বোধনী অনুষ্ঠানে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
রুহুল কবির রিজভী বলেন, চলমান রাজনীতিতে একটি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। পার্শ্ববর্তী দেশে অবস্থানরত সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো রক্তের নেশা থেকে বেরিয়ে আসেননি। তার নির্দেশনায় দেশে ফ্যাসিবাদের অবশিষ্টাংশ বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বীমায় অগ্নিসংযোগ, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনায় হামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীদেরও হত্যা করা হচ্ছে।
তিনি বলেন, দেশে যে স্থিতিশীলতা চলছে এবং ১৭ বছর পর গুম-খুনের রাষ্ট্রীয় চরিত্র থেকে বেরিয়ে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটিকে কলঙ্কিত করতেই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অতীতে শেখ হাসিনার শাসনামলে এ ধরনের পরিস্থিতিতে গুম, খুন, ক্রসফায়ার, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটত। কিন্তু বর্তমান সরকার অত্যন্ত সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। সরকারের এ আচরণ দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে।
সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য এবং শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন।
এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম জিলানী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ঢাকার আশপাশের বিভিন্ন জেলার নেতারা সভায় অংশ নেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













