গাজীপুরসহ ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ১৮:০৫
অ- অ+

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নাশকতা ও সহিংসতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দেশের ৯টি জেলায় বর্তমানে আনসার ব্যাটালিয়নের ৫৯ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরের শিল্পাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় সড়কে যান চলাচল সচল রাখা, শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন আনসার সদস্যরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দিকনির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার গাজীপুরের নাওজোর পয়েন্টে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে আনসার ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা সরিয়ে দেন। একই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এ ছাড়া চান্দনা চৌরাস্তা, মৌচাক, আমবাগকাটা, তেলিরচালা, সফিপুর, সালনা, মাওনা, কোনাবাড়ী ও কাশিমপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। এতে অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শিল্পকারখানার নিরাপত্তা ও উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ, বিজিবি, শিল্প পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ স্ট্রাইকিং টিম ও অতিরিক্ত সদস্য প্রস্তুত রাখা হয়েছে। মোতায়েন করা সদস্যদের জরুরি চিকিৎসাসেবা দিতে প্রাথমিক চিকিৎসাসামগ্রী ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টও রাখা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৯ জেলায় মোতায়েন ৫৯ প্লাটুনের মধ্যে গাজীপুরে ১৯, গোপালগঞ্জে ১৫, ফরিদপুরে ৫, নারায়ণগঞ্জে ৪, খুলনায় ৪, মাদারীপুরে ৪, শরীয়তপুরে ৪, সাতক্ষীরায় ২ এবং ময়মনসিংহে ২ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

এসব জেলার শিল্পাঞ্চল, প্রশাসনিক ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম চলছে বলে জানিয়েছে বাহিনী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সয়াবিন তেলের দাম বাড়ল
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়
ডিএমপির প্রশাসন, মিডিয়া ও প্রকিউরমেন্ট বিভাগে নতুন দায়িত্ব