গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন হেলালউদ্দিন ভূইয়া

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে যোগ দিয়েছেন মো. হেলালউদ্দিন ভূইয়া।
বৃহস্পতিবার তিনি নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন।
তার যোগদান উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো. হেলালউদ্দিন ভূইয়া ৩৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। ২০১৪ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। তার জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি মুসলিম পরিবারে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশি কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন হেলালউদ্দিন ভূইয়া।
এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হেলালউদ্দিন ভূইয়া এর আগে খাগড়াছড়ি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। চব্বিশের ৫ আগস্ট পরবর্তীতে ডিবিতে দায়িত্ব নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার করে বেশ প্রশংসিত হন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











