বগুড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আ.লীগের ৩০৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়ার কাহালুতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা ও সড়কে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আওয়ামী লীগের ৩০৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার সাবানপুর গ্রামের বাসিন্দা মঞ্জুর রহমান সরদার বাদী হয়ে কাহালু থানায় মামলাটি করেন।
মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (৫৮), সহসভাপতি আনোয়ার হোসেন ও কামাল উদ্দিন কবিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মিঠু চৌধুরী ও হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রতন এবং উপজেলা মহিলা লীগের সভাপতি আছমা বেগমসহ ১৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৬০ থেকে ১৭০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গত ২০ নভেম্বর রাত ১১টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিলের কর্মসূচি পালনের উদ্দেশ্যে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের অঘোর মালঞ্চা গ্রামের গ্রামীণ ব্যাংকের মালঞ্চা শাখার সামনে জড়ো হন। একপর্যায়ে তারা মালঞ্চা থেকে রানীরহাটগামী পাকা সড়কে হামলা চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করেন।
এ সময় তারা গ্রামীণ ব্যাংকের শাখা ও সড়ক লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এতে আগুন জ্বলে উঠলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(ঢাকা টাইমস/২৬নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












