ডিএমপিতে সাহসিকতা ও সেবার স্বীকৃতি পাওয়া হারুন এবার লালমনিরহাটের এসপি, জানুন তাকে নিয়ে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদকে বদলি করে লালমনিরহাট জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। তিনি সদ্য সাবেক এসপি মো. আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার ১২ জন কর্মকর্তার দায়িত্বে রদবদল আনা হয়।
২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদের বাড়ি ঢাকা জেলার সাভার উপজেলায়। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরবর্তী সময়ে ডিএমপির গুরুত্বপূর্ণ ক্রাইম বিভাগ ওয়ারী ও মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
রাজধানীর গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এই দুই বিভাগে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। তার নেতৃত্বে নিষিদ্ধ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার, অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং ছিনতাই ও চাঁদাবাজি দমনে একাধিক অভিযান পরিচালিত হয়। এ ছাড়া বেশ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতেও তার নেতৃত্বাধীন পুলিশের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে।
পুলিশ বাহিনীতে বিশেষ অবদান, সাহসিকতা, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালে তিনি বাংলাদেশ পুলিশ পদক (BPM-সেবা) অর্জন করেছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













