সড়কে সিসি ক্যামেরা লাগিয়ে সাংবাদিকতার আড়ালে মাদক কারবার

পাকা সড়কের ধারে পল্লী বিদ্যুতের খুঁটি। তাতে লাগানো রয়েছে দুইটি সিসিটিভি ক্যামেরা। এই ক্যামেরা দিয়েই নিয়ন্ত্রণ করা হচ্ছে রমরমা মাদক ব্যবসা। নজরদারি করা হয় আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান। এভাবেই বছরের পর বছর ধরে চলছে কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের জয়বাংলা বাজার চলছে ইয়াবা, ট্যাপেন্ডাসহ বিভিন্ন প্রকারের মাদকের রমরমা ব্যবসা।
স্থানীয়দের অভিযোগ, যদুবয়রা গ্রামের মৃত উকিল শেখের ছেলে সোহেল রানা (৩২) সাংবাদিক পরিচয়ে বিদ্যুতের খুঁটিতে সিসিটিভি লাগিয়ে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর এই মাদক কারবারের জন্য বছরে দুই-তিনবার কারাগারে যান। কিন্তু কারাগার থেকে বেরিয়ে আবার মাদক ব্যবসা শুরু করেন। ফলে মাদকের ভয়াল থাবায় ধ্বংস হচ্ছে নানাবয়সি মানুষ। বাড়ছে পারিবারিক অশান্তি।
তাদের ভাষ্য, সোহেল কুষ্টিয়া থেকে প্রকাশিত স্থানীয় একটি দৈনিকের বিশেষ প্রতিনিধি পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। সোহেলের ব্যবহৃত প্রাইভেট কার ও মোটরসাইকেলে ওই পত্রিকার স্টিকার লাগানো। নিজ বাড়িতে খুলেছেন পত্রিকার আঞ্চলিক কার্যালয়।
এদিকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) সকালে কথিত সাংবাদিক সোহেল রানার বাড়িতে অভিযান পরিচালনা করেছে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ( খ সার্কেল)। কিন্তু সিসিটিভির মাধ্যমে অভিযান টের পেয়ে সটকে পড়েন সোহেল রানা। তবে তিনি পালিয়ে গেলেও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তার স্ত্রী স্মৃতি খাতুন (৩০)কে গ্রেপ্তার করা হয়। এছাড়াও মাদক বিক্রির প্রায় এক লাখ ৮৫ হাজার টাকা জব্দ করা হয়েছে । পরে সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এতথ্য জানিয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো.আসলাম হোসেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সোহেল রানা একটা সময় কাঠের ' স' মিলে শ্রমিকের কাজ করতেন। এরপর মাদক ব্যবসায় জড়িলে পড়লে বিজ্ঞ আদালত তাকে কারাদণ্ড প্রদান করেন। এরপর ২০১৯ সালে শর্ত সাপক্ষে সোহেলসহ কুষ্টিয়ার ২২২ জন মাদক ব্যবসায়ীকে সাধারণ ক্ষমা করেন তৎকালীন সরকার। কিন্তু সোহেল সেই সুযোগের অপব্যবহার করে নাম লেখান সাংবাদিকতায়। নিজেকে আরও বড় মাদক ব্যবসায়ী হিসেবে বড় নেটওয়ার্ক গড়ে তোলেন। সাংবাদিকতার আড়ালে বাড়িতে সিসিটিভি বসিয়ে নিয়ন্ত্রণ করছেন মাদক ব্যবসা। এতে ধ্বংস হচ্ছে নানাবয়সি মানুষ। সোহেলের বিরুদ্ধে অন্তত আটটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে কুমারখালী থানা পুলিশ।
দুপুরে সরেজমিন গিয়ে দেখা গেছে, কুমারখালী - পান্টি সড়কের যদুবয়রা জয়বাংলা বাজার এলাকায় সোহেলের বসবাস। বাড়ির প্রবেশপথের বিদ্যুতের খু্ঁটিতে লাগানো রয়েছে দুই সিসিটিভি ক্যামেরা। আধাপাকা বাড়ির গেট ভিতর থেকে আটকানো। ডাকাডাকি করেও পাওয়া যায়নি অভিযুক্ত সোহেলকে।
নাম প্রকাশে অনিচ্ছুক সোহেলের প্রতাবেশীরা জানান, আগে সোহেল ভাত পেতানো। এখন মাদকের ব্যবসা করে বড় লোক হয়ে গেছে। সাংবাদিক বলে ভয়ে কেউ প্রতিবাদ করেনা। প্রশাসনের লোকজনও আসে যায়। কিন্তু ব্যবসা বন্ধ হয়না।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, সোহেলের বিরুদ্ধে অন্তত আটটি মাদক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/২৬নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












