চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার চুক্তি নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর প্রশ্ন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫০
অ- অ+

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব পেয়েছে লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। প্রায় ৩০ কোটি ১৫ লাখ টাকার এই চুক্তির মেয়াদ ছয় মাস। তবে গুরুত্বপূর্ণ এই টার্মিনাল পরিচালনার দরপত্র জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল মাত্র দুই দিন। পুরো দরপত্রপ্রক্রিয়া শেষ হয়েছে ছয় দিনে।

এ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দরপত্রপ্রক্রিয়ার স্বচ্ছতা, প্রতিযোগিতার সুযোগ এবং সম্ভাব্য স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন তোলেন।

ঢাকাটাইমস পাঠকদের জন্য নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব পেয়েছে লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। প্রায় ৩০ কোটি ১৫ লাখ টাকার এই চুক্তির মেয়াদ ছয় মাস। অথচ এত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পরিচালনাসংক্রান্ত দরপত্র জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে মাত্র দুই দিন।

গত ১৭ নভেম্বর দরপত্র আহ্বান করা হয়, ১৮ নভেম্বর ছিল দরপত্রের কাগজপত্র কেনার শেষ দিন এবং ১৯ নভেম্বর ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৩ নভেম্বর চুক্তি স্বাক্ষর এবং ২৪ নভেম্বর দায়িত্ব হস্তান্তর করা হয়। অর্থাৎ দরপত্র আহ্বান থেকে চুক্তি স্বাক্ষর পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মাত্র ছয় দিনে। বন্দরে কনটেইনার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এমন নয়টি প্রতিষ্ঠানের মধ্যে আটটিই এই দরপত্রে অংশ নেয়নি।

পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর সর্বশেষ সংশোধনী এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ অনুযায়ী সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি, ন্যায্য প্রতিযোগিতা এবং চুক্তি পাওয়া প্রতিষ্ঠানের প্রকৃত সুবিধাভোগী মালিকের পরিচয় প্রকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, মাত্র দুই দিনের মধ্যে দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করে সকল যোগ্য প্রতিষ্ঠানের জন্য প্রতিযোগিতার সমান সুযোগ কীভাবে নিশ্চিত করা হয়েছে?

অন্যদিকে, সংবিধানের ৬৬(২)(গ) অনুচ্ছেদে সরকারের সঙ্গে নির্দিষ্ট ধরনের চুক্তিতে সংসদ সদস্যের ব্যক্তিগত স্বার্থ থাকার বিষয়ে বিধিনিষেধ রয়েছে। ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্যের পারিবারিক প্রতিষ্ঠানকে সরকারি চুক্তি দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য স্বার্থের সংঘাত (Conflict of Interest) কীভাবে যাচাই করা হয়েছে, সেটিও সরকারকে স্পষ্ট করতে হবে।

আমরা সরকারের কাছে এই দরপত্রের পূর্ণাঙ্গ নথি, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব, মূল্যায়ন কমিটির প্রতিবেদন, সীমিত দরপত্র ব্যবহারের আইনগত ভিত্তি এবং চুক্তি পাওয়া প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানার তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি জানাচ্ছি। একই সঙ্গে পুরো দরপত্র প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত এবং কোনো অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুলিয়ায় নাশকতার উদ্দেশ্যে লুকিয়ে রাখা পাঁচটি ককটেল উদ্ধার
ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় পঞ্চম
ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
১০ বছরে পা দিল ‘রাইজ অ্যাবাভ অল’, দশম আসরে থাকছে নানা আয়োজন