ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় পঞ্চম

সরকারি ছুটির দিনেও রাজধানী ঢাকার বাতাসের মানে উন্নতি নেই। বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। শুক্রবার সকালে শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৮৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
শুক্রবার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল। শহরটির বায়ুমান সূচক ২৯৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের সূচক ২৯৩।
এ ছাড়া ভারতের রাজধানী দিল্লি ২৬৪ স্কোর নিয়ে তৃতীয় এবং কলকাতা ২৩৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। পঞ্চম স্থানে থাকা ঢাকার স্কোর ১৮৯।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। সূচক ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
বাংলাদেশে বায়ুমান সূচক নির্ধারণে পাঁচ ধরনের দূষণকারী উপাদান বিবেচনা করা হয়। এগুলো হলো বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) ও ওজোন (ও৩)।
পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের ২০১৯ সালের মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদ্রোগ, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ, ফুসফুসের ক্যানসার ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ে। বিশ্বে প্রতিবছর বায়ুদূষণের কারণে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












