খুলনায় ২ শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

খুলনার কয়রায় দুই শিশুকে ধর্ষণের দায়ে মো. রিয়াজুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খুলনার জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রাখিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী হরিদাস তরফদার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রিয়াজুল ইসলাম কয়রা উপজেলার ২ নম্বর কয়রা এলাকার মো. শেরজুল ইসলামের ছেলে।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ জুলাই বিকেল ৪টার দিকে বাদী ও তার প্রতিবেশী চাচি শাশুড়ি বাড়িতে না থাকায় ওই দুই শিশু বাড়ির সামনে খেলা করছিল। এ সময় খাবারের প্রলোভন দেখিয়ে তাদের নিজ বাড়িতে ডেকে নিয়ে যান রিয়াজুল ইসলাম। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি শিশু দুটিকে ধর্ষণ করেন। ভয়ে শিশু দুটি বাড়ি ফিরে বিষয়টি তাদের মাকে জানায়। এ ঘটনার ছয় দিন পর আসামি পুনরায় একই ঘটনা ঘটান। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী শিশুদের মা নৌবাহিনী ও থানা পুলিশকে অবহিত করেন। পরে যৌথ অভিযানে রিয়াজুলকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রণয় মণ্ডল একই বছরের ২৯ আগস্ট রিয়াজুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। চলতি বছরের ৩ মার্চ আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।
(ঢাকা টাইমস/২৬নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









