আশুলিয়ায় নাশকতার উদ্দেশ্যে লুকিয়ে রাখা পাঁচটি ককটেল উদ্ধার

ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় নাশকতার উদ্দেশ্যে লুকিয়ে রাখা পাঁচটি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করে এসআরবি-৪-এর সিপিসি-২ এর একটি দল।
এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আশুলিয়ার বাইপাইল ও জামগড়া এলাকায় বেশ কিছু বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নবীনগর থেকে চন্দ্রাগামী মহাসড়কের বাইপাইল এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে লাল ও কালো স্কচটেপে মোড়ানো পাঁচটি তাজা ককটেল পাওয়া যায়। বিস্ফোরকের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তাবেষ্টনী তৈরি করেন এসআরবির সদস্যরা।
পরে এসআরবি সদর দপ্তরের বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো নিরাপদে উদ্ধার করেন। এরপর সেগুলো আশুলিয়ার পাথালিয়া এলাকার জনবসতিহীন একটি ফাঁকা জমিতে নিয়ে কৃত্রিম বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়।
এসআরবির ধারণা, দুর্বৃত্তরা নাশকতা বা নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে প্রয়োজনের সময় ব্যবহারের জন্য ককটেলগুলো তৈরি করে ওই এলাকায় লুকিয়ে রেখেছিল।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এসআরবি-৪ এর অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












