পাঁচ বছরে ক্রীড়াঙ্গনের চিত্র বদলে দেওয়ার প্রত্যাশা আমিনুল হকের

সিলেট ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৬, ১৮:১১
অ- অ+

দেশের ৬৪টি জেলায় বছরব্যাপী খেলাধুলা আয়োজনের জন্য ক্রীড়া ক্যালেন্ডার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আগামী জানুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, আগামী জানুয়ারি থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিলেটসহ দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থাকে বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে। এতে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিকসসহ বিভিন্ন খেলার প্রতিযোগিতার সময়সূচি থাকবে। এর মাধ্যমে সারা বছর মাঠে খেলাধুলার পরিবেশ বজায় থাকবে এবং একটি ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি গড়ে তোলার পথ তৈরি হবে।

সিলেটের সঙ্গে নিজের স্মৃতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ১২ বছর বয়সে সিলেট জেলা স্টেডিয়াম থেকেই তাঁর ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল। এ কারণে সিলেটের প্রতি তাঁর আলাদা ভালোবাসা রয়েছে। একসময় তাঁর সঙ্গে খেলা গোলরক্ষক নাচনের কথাও স্মরণ করেন তিনি।

দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের প্রত্যাশা জানিয়ে আমিনুল হক বলেন, বর্তমান সরকারের নয় মাস পূর্ণ হয়েছে। আগামী পাঁচ বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের চিত্রে বড় পরিবর্তন আসবে বলে তিনি আশা করেন।

প্রধানমন্ত্রীর স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে বাংলাদেশ শুধু অংশগ্রহণ করবে না, পদকের জন্যও লড়াই করবে। এ লক্ষ্য অর্জনে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে জেলা প্রশাসকের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে আলোচনা করে জেলা ক্রীড়া সংস্থাকে নতুনভাবে সাজানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী টুর্নামেন্টের সফল আয়োজন কামনা করেন এবং মাঠে উপস্থিত দর্শক ও খেলোয়াড়দের শুভেচ্ছা জানান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে অশান্তি সৃষ্টির জন্য গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি
মোদির ‘মডেল রাজ্যে’ অর্ধেকের বেশি শিশু রক্তশূন্যতায় ভুগছে
বিএনপির জন্য চাঁদাবাজরা ‘জঞ্জাল’, অভিযোগ পেলেই গ্রেপ্তারের নির্দেশ
এএফপিতে সাইবার হামলা