রূপপুরে পৌঁছেছে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের শেষ চালান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫২
অ- অ+

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার রূপপুরের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে।

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় সড়কপথে জ্বালানি পরিবহন করা হয়।

গাড়িবহরটির নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঢাকা থেকে পাবনা পর্যন্ত বিভিন্ন সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

এ নিয়ে চলতি বছর রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে ঢাকায় আনা ইউরেনিয়ামের মোট নয়টি চালানই রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হলো।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে দুই দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে। সর্বশেষ গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো গ্রিডের সঙ্গে যুক্ত হয় ইউনিটটি। এ দফায় টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ সময় গ্রিডে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। এ সময় সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক মূল্য ছিল ৭ কোটি ৬ লাখ টাকা।

প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দ্বিতীয় দফায় বিদ্যুৎ সরবরাহের সময় বিভিন্ন পরিচালনগত প্যারামিটার, টারবাইন-জেনারেটর ব্যবস্থা এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে।

এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছিল কেন্দ্রটির প্রথম ইউনিট।

প্রকল্প সূত্রে জানা গেছে, পরীক্ষামূলক পরিচালনার ধাপ সফলভাবে শেষ হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। ২০২৮ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুলিয়ায় নাশকতার উদ্দেশ্যে লুকিয়ে রাখা পাঁচটি ককটেল উদ্ধার
চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার চুক্তি নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর প্রশ্ন
ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় পঞ্চম
ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন