ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সুখবর

দেশের মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারে কর্মরত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের মাসিক সম্মানী দিচ্ছে সরকার। এ কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন সম্মানী পাবেন। এ জন্য ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে এ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে সম্মানী বিতরণ করা হবে।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য জানিয়েছেন।
নির্ধারিত কাঠামো অনুযায়ী, মসজিদের ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা সম্মানী পাবেন। একইভাবে মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারে দায়িত্ব পালনকারী ধর্মীয় নেতা ও সেবাকর্মীরাও এ কর্মসূচির আওতায় সরকারি সহায়তা পাবেন।
ইসমাইল জবিউল্লাহ জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের মাসিক সম্মানী এবং প্রশিক্ষণভিত্তিক কল্যাণব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে।
চলতি অর্থবছরে সম্মানী কর্মসূচির আওতায় আসা ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার এবং ৩০১টি গির্জা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত ১৪ মার্চ পাইলট প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মতো এ কর্মসূচি শুরু হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক পর্যায়ে ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন ধর্মীয় সেবাকর্মীকে কর্মসূচির আওতায় আনা হয়।
পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে এবার কর্মসূচির পরিধি বাড়ানো হয়েছে। আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরের পর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় সম্মানী বিতরণ করবেন প্রধানমন্ত্রী।
সম্মানী বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নেওয়া হয়েছে। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যারের মাধ্যমে গভর্নমেন্ট টু পারসন (জি-টু-পি) পদ্ধতিতে অর্থ দেওয়া হবে। সুবিধাভোগীদের তথ্য যাচাই শেষে ব্যাংক হিসাব অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে তাদের কাছে টাকা পাঠানো হবে।
ইসমাইল জবিউল্লাহ জানান, কোনো ধর্মীয় নেতা বা সেবাকর্মীর হাতে সরাসরি নগদ অর্থ দেওয়া হবে না। তাদের নিজস্ব ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার হিসাবে সম্মানীর টাকা পাঠানো হবে। এতে মধ্যস্বত্বভোগীদের সুযোগ থাকবে না এবং অনিয়মের ঝুঁকি কমবে।
বর্তমানে দেশে মোট ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ, ১২ হাজার মন্দির, ৩ হাজার ১০টি বৌদ্ধবিহার এবং ১ হাজার ২০৪টি গির্জা। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী চার অর্থবছরে পর্যায়ক্রমে সব ধর্মীয় প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনা হবে।
সুবিধাভোগী নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে ধর্মীয় প্রতিষ্ঠান ও দায়িত্বশীল ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে। এ প্রক্রিয়ায় রাজনৈতিক সম্পৃক্ততা রাখা হয়নি বলেও দাবি করেছেন তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













