পঞ্চগড়ে টানা চার দিন ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা চার দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। ভোরে হালকা কুয়াশা ও রাতভর হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে রোদের তাপ বাড়লেও ঠান্ডা বাতাসে শীতের আমেজ থাকছে।
শুক্রবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের তথ্য অনুযায়ী, সকাল ছয়টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।
এর আগের দিন বৃহস্পতিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার রেকর্ড করা হয় ১৪ দশমিক ১ ডিগ্রি। আর শুক্রবার তা বেড়ে হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে টানা চার দিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে রয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদের কারণে শীতের অনুভূতি কিছুটা কম থাকে। তবে বিকেল থেকে ঠান্ডা বাড়তে শুরু করে। বিশেষ করে রাত ও ভোরে হিমেল বাতাসে বেশি শীত অনুভূত হয়।
শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে সকালে কাজে বের হতে হচ্ছে শ্রমজীবী মানুষ ও কৃষকদের।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











