শিম-আলু-বেগুনের দামে অস্বস্তি, আগের দামেই মিলছে মুরগি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৬, ১৩:২২
অ- অ+

রাজধানীর বাজারে বেড়েছে শাকসবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে শিম, নতুন আলু ও বেগুনের দাম। তবে গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে মুরগি।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকায়। গত সপ্তাহে এ সবজির দাম ছিল ৭০ থেকে ১০০ টাকা। নতুন আলু বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। এক সপ্তাহ আগে এর দাম ছিল ৮০ থেকে ৯০ টাকা।

বেগুনের দামও বেড়েছে। আকার ও মানভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৪০ টাকায়। পটল, ঢ্যাঁড়স ও চিচিঙ্গার দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে হয়েছে ৬০ থেকে ৮০ টাকা। মুলা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। লাউ ৫০ থেকে ৬০ টাকা এবং বড় ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা পিস বিক্রি হচ্ছে।

এ ছাড়া কচুর লতি ৮০ টাকা, কচুরমুখী ৫০ থেকে ৬০ টাকা, শসা ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৮০ টাকা এবং ক্যাপসিকাম ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটোর দাম রয়েছে ১২০ থেকে ১৬০ টাকা। দেশি গাজর ৮০ টাকা এবং ভারতীয় গাজর ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে কিছু পণ্যের দাম কমেছে। কাঁচামরিচের দাম কেজিতে ২০ টাকা কমে ৫০ থেকে ৮০ টাকায় নেমেছে। জলপাইয়ের দাম কমেছে ১০ টাকা। এখন প্রতি কেজি জলপাই বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। এ ছাড়া পেঁপে ২০ টাকা, আলু ২৫ থেকে ৩০ টাকা এবং পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শাকের দামও বেড়েছে। বাজারে প্রতি আঁটি লাল শাক বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। লাউ শাক ৪০ থেকে ৫০ টাকা, পুঁইশাক ৪০ টাকা এবং দুই আঁটি করে পালংশাক ও ডাঁটাশাক ৫০ টাকায় বিক্রি হচ্ছে। দুই আঁটি কলমিশাক পাওয়া যাচ্ছে ৩০ টাকায়।

মুরগির দাম অপরিবর্তিত

সবজির দাম বাড়লেও গত সপ্তাহের তুলনায় মুরগির দামে পরিবর্তন দেখা যায়নি। বাজারে সোনালি কক মুরগি প্রতি কেজি ৩০০ থেকে ৩১০ টাকা, সোনালি হাইব্রিড ২৮০ টাকা, লাল লেয়ার ৩০০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মুরগির দাম কেজিতে ৬২০ টাকা।

বাজারে গরুর মাংস প্রতি কেজি ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। হাঁসের ডিমের ডজন ১৮০ টাকা।

মাছের বাজারেও রয়েছে চড়া দাম। এক কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়। ৫০০ গ্রাম ওজনের ইলিশের দাম প্রতি কেজি ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা। চাষের পাঙাশ ১৮০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকা এবং রুই ৩৫০ থেকে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সুখবর
ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে কর্মীদের কোপাল দুর্বৃত্তরা, ম্যানেজার নিহত
গোপালগঞ্জের সহিংসতায় সন্দেহের তালিকায় নাম; পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
পঞ্চগড়ে টানা চার দিন ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা