গোপালগঞ্জের সহিংসতায় সন্দেহের তালিকায় নাম; পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় ময়মনসিংহে কর্মরত এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। সেলিম মিয়া নামের ওই কর্মকর্তাকে নগরের ২ নম্বর পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সেলিম মিয়া ময়মনসিংহ নগরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। গত ৭ সেপ্টেম্বর তিনি সেখানে যোগ দেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত হওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, একটি গোয়েন্দা প্রতিবেদনে গোপালগঞ্জে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সেলিম মিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। এ কারণে তাকে প্রত্যাহার করে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে।
ওই কর্মকর্তা আরও জানান, জব্দ করা দুটি মোবাইল ফোন আদালতের মাধ্যমে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
এদিকে পুলিশি নজরদারিতে থাকায় এবং ব্যক্তিগত মোবাইল ফোন জব্দ থাকায় সেলিম মিয়ার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













