মালির সীমান্তঘেঁষা এলাকায় সেনা ক্যাম্পে হামলা, নিহত ১৩

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে মালির সীমান্তঘেঁষা এলাকায় ন্যাশনাল গার্ডের একটি সেনা ক্যাম্পে সশস্ত্র হামলায় অন্তত ১৩ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। হামলার পর পালিয়ে যাওয়া হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী।
শুক্রবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলের সানাম শহরে এ হামলার ঘটনা ঘটে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ভারী অস্ত্রে সজ্জিত বিপুলসংখ্যক হামলাকারী সেনা ক্যাম্পে আক্রমণ চালায়। ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রাথমিক হিসাবে হামলায় ১৩ সেনাসদস্য নিহত এবং ২০ জন আহত হয়েছেন। সেনাদের পাল্টা অভিযানে বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়েছেন। এ ছাড়া হামলাকারীদের রসদ ও সরঞ্জাম সরবরাহের অবকাঠামো ধ্বংস করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম অ্যাক্টুনাইজারকে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এ হামলা চালানো হয়।
সানাম শহরটি মালির সীমান্তবর্তী তিলাবেরি অঞ্চলে অবস্থিত। এ এলাকায় প্রায়ই সশস্ত্র গোষ্ঠীগুলো নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। তবে সর্বশেষ হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে, হামলার মাত্র দুই দিন আগে নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিফা অঞ্চলে আরেকটি হামলায় ১১ সেনাসদস্য নিহত হন। ওই হামলার জন্য জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে দায়ী করেছিল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













