মোদির ‘মডেল রাজ্যে’ অর্ধেকের বেশি শিশু রক্তশূন্যতায় ভুগছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে শিশু ও নারীদের মধ্যে রক্তশূন্যতার (অ্যানিমিয়া) হার উদ্বেগজনক। রাজ্যটির ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬ দশমিক ৫ শতাংশ শিশু রক্তশূন্যতায় ভুগছে। একই সঙ্গে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের মধ্যে এ হার ৬৬ দশমিক ২ শতাংশ। সম্প্রতি প্রকাশিত এক জাতীয় জরিপে এ তথ্য উঠে এসেছে।
ভারতের ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশন পরিচালিত ‘সম্পদা’ (SAMPADA) শীর্ষক জরিপে এই চিত্র পাওয়া গেছে।
২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ভারতের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের দুই লাখের বেশি মানুষের ওপর জরিপটি চালানো হয়। এতে ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষের রক্তের নমুনা বিশ্লেষণ করা হয়েছে।
জরিপের তথ্য অনুযায়ী, গুজরাটে ১০ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের ৬১ দশমিক ৪ শতাংশ এবং ২০ থেকে ৫৯ বছর বয়সী নারীদের ৬৩ দশমিক ৮ শতাংশ রক্তশূন্যতায় ভুগছে। ১৫ থেকে ৪৯ বছর বয়সী প্রজননক্ষম নারীদের ক্ষেত্রে এ হার ৬৬ দশমিক ২ শতাংশ। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে রক্তশূন্যতার হার ৫৬ দশমিক ৫ শতাংশ, যা ভারতের রাজ্যগুলোর মধ্যে সর্বোচ্চ।
এই পরিসংখ্যান সামনে আসার পর গুজরাটকে ‘মডেল রাজ্য’ হিসেবে তুলে ধরার সমালোচনা করেছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা জয়রাম রমেশ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনটি শেয়ার করে তিনি বলেন, নারী ও কিশোরীদের রক্তশূন্যতার ক্ষেত্রে কেবল ছত্তিশগড়ের পরিস্থিতি গুজরাটের চেয়ে খারাপ।
কেরালার সঙ্গে তুলনা করে জয়রাম রমেশ জানান, রাজ্যটিতে কিশোরী, প্রাপ্তবয়স্ক নারী ও প্রজননক্ষম নারীদের মধ্যে রক্তশূন্যতার হার যথাক্রমে ২১ দশমিক ৪, ২৮ ও ২৯ দশমিক ১ শতাংশ। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্ষেত্রে কেরালায় এ হার মাত্র ১৪ দশমিক ৫ শতাংশ, যা দেশের মধ্যে সর্বনিম্ন।
মোদির নিজ রাজ্য গুজরাটকে ‘মডেল রাজ্য’ হিসেবে তুলে ধরার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেসের এই নেতা। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের বিষয়টিও ইঙ্গিতপূর্ণভাবে সামনে আনেন তিনি।
তবে জরিপের তথ্য প্রকাশের সময় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনাক্ত হওয়া রক্তশূন্যতার অধিকাংশ ঘটনাই মৃদু পর্যায়ের। দেশজুড়ে প্রায় সব বয়সী মানুষের মধ্যে গুরুতর রক্তশূন্যতায় আক্রান্তের হার ২ শতাংশের নিচে।
গুজরাটে শিশু অপুষ্টির চিত্রও উদ্বেগজনক
রক্তশূন্যতার পাশাপাশি গুজরাটে শিশু অপুষ্টির চিত্রও উদ্বেগজনক। চলতি বছরের মার্চে রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত রাজ্যের ৩৪টি জেলার মধ্যে ২০টি জেলায় ২ লাখ ৫ হাজার শিশুকে অপুষ্টিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে কংগ্রেস বিধায়কদের প্রশ্নের জবাবে রাজ্যের নারী ও শিশু উন্নয়নমন্ত্রী মনীষা ভকিল এ তথ্য জানান।
সরকারি তথ্য অনুযায়ী, অপুষ্টিতে আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ১ লাখ ৬৯ হাজার শিশুর ওজন স্বাভাবিকের তুলনায় কম। আর ৩৬ হাজার ৮০৫ শিশুর ওজন গুরুতরভাবে কম। এসব শিশুর বড় অংশ রাজ্যের আদিবাসী ও গ্রামীণ জেলাগুলোর বাসিন্দা।
জেলাভিত্তিক হিসাবে পঞ্চমহলে সবচেয়ে বেশি ২০ হাজার ৭৬২টি, বনাসকাঁথায় ১৯ হাজার ৩৯১টি এবং খেদায় ১৮ হাজার ৫৯০টি অপুষ্টিতে আক্রান্ত শিশু শনাক্ত হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












