এএফপিতে সাইবার হামলা

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স-প্রেসের (এএফপি) কনটেন্ট প্ল্যাটফর্ম ‘এএফপি ফোরামে’ সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে প্ল্যাটফর্মটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার এএফপির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক অভ্যন্তরীণ ই-মেইলে এ তথ্য জানিয়েছে।
ই-মেইলের তথ্য অনুযায়ী, প্যারিসের স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে এ সাইবার হামলা শুরু হয়। এএফপির গ্রাহকেরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে সংস্থাটির বিভিন্ন সংবাদ, ছবি ও অন্যান্য কনটেন্ট দেখতে এবং ডাউনলোড করতে পারেন।
এএফপির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, হামলার বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই তা নিয়ন্ত্রণে আনতে প্রযুক্তি দল জরুরি পদক্ষেপ নেয়। তবে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এএফপি ফোরাম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্ল্যাটফর্মটি বন্ধ থাকবে।
প্ল্যাটফর্মটি বন্ধ থাকায় গ্রাহকদের কনটেন্ট ব্যবহারে যাতে সমস্যা না হয়, সে জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এএফপি। একই সঙ্গে ঘটনার তদন্তে বহিরাগত সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে।
তবে এই সাইবার হামলার পেছনে কারা জড়িত কিংবা কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি সংবাদ সংস্থাটি।
সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার কয়েকটির পেছনে আর্থিক লাভের উদ্দেশ্যে পরিচালিত অপরাধী চক্র জড়িত বলে ধারণা করা হচ্ছে। আবার কিছু হামলার লক্ষ্য ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













