হাইকোর্টের নির্দেশও মানছে না গুলশান থানা পুলিশ, আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ

হাইকোর্টের নির্দেশের পরও ব্যক্তিমালিকানাধীন একটি গাড়ি মালিককে ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে গুলশান থানার পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আটজনকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রিট আবেদনকারী শাহ কামাল রাসেলের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান। শুক্রবার (২৭ নভেম্বর) রিট আবেদনকারী আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।
নোটিশে গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে বিশেষভাবে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন এবং গাড়িটি আটকে রাখার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
আইনি নোটিশে বলা হয়, গত ১৬ নভেম্বর বিকেলে শাহ কামাল রাসেলের মালিকানাধীন ২০২১ মডেলের একটি টয়োটা হার্ড জিপ জোরপূর্বক নিয়ে গুলশান থানায় আটকে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৬-০০৮৬। গত ২৯ অক্টোবরের ২৪৮৪ নম্বর সাধারণ ডায়েরির (জিডি) সূত্রে গাড়িটি আটক করা হয়েছিল বলে নোটিশে উল্লেখ করা হয়।
২৪ ঘণ্টার মধ্যে গাড়ি ফেরানোর নির্দেশ
গাড়ি আটকে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে রিট করেন গাড়ির মালিক। রিটের নম্বর ১৬৮৯৯/২০২৬।
গত ২২ নভেম্বর বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গাড়িটি আটকে রাখার বৈধতা নিয়ে রুল জারি করেন।
একই সঙ্গে অন্য কোনো ফৌজদারি মামলায় গাড়িটির সংশ্লিষ্টতা বিষয়ে আদালতের আটকাদেশ না থাকলে আদেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গাড়িটি মালিকের কাছে ফেরত দিতে গুলশান থানার ওসিকে নির্দেশ দেন আদালত।
নোটিশে বলা হয়েছে, গত ২৫ নভেম্বর আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। তবে রিট আবেদনকারীর অভিযোগ, এরপরও গাড়িটি ফেরত দেওয়া হয়নি।
গাড়ি আটকে রাখার আইনগত ভিত্তি জানতে চাওয়া হয়েছে
আইনি নোটিশে কোন আদালতের আদেশে এবং কোন মামলার সূত্রে গাড়িটি আটকে রাখা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি কোন আইনের কোন ধারা বা বিধি অনুসারে গাড়িটি আটক রয়েছে, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দাবি করা হয়েছে।
অন্য কোনো ফৌজদারি মামলায় গাড়িটির সংশ্লিষ্টতা থাকলে তার পূর্ণাঙ্গ বিবরণ, সংশ্লিষ্ট এজাহার, জব্দ তালিকা ও আদালতের আদেশের অনুলিপিও চাওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন না করার কারণ এবং ওই আদেশের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ রয়েছে কি না, সে বিষয়েও জবাব দিতে বলা হয়েছে।
এ ছাড়া গাড়ি আটকের সঙ্গে সংশ্লিষ্ট থানার রেকর্ড, সিসিটিভি ফুটেজ, সাধারণ ডায়েরি ও দাপ্তরিক যোগাযোগের নথিপত্র সংরক্ষণের দাবি জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, আদালতের নির্দেশিত সময়ের মধ্যে আইনসংগত কারণ ছাড়া গাড়িটি ফেরত দেওয়া না হলে গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরসহ দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে।
একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে আদালতে হাজির করা, আদালতের আদেশ বাস্তবায়ন এবং আইনানুগ শাস্তির আদেশ চাওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













