মির্জাপুরে অগ্নিসাক্ষী রেখে বট-পাকুড়ের বিয়ে

বর পাকুড়গাছ, কনে বটগাছ। মানুষের বিয়ের মতোই বরযাত্রী, শুভদৃষ্টি, সাত পাক, অগ্নিসাক্ষী, মন্ত্রপাঠ ও ভোজের আয়োজন। ব্যতিক্রমী এ বিয়েকে ঘিরে দুই দিন ধরে উৎসবে মেতেছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রামের মানুষ।
বৃহস্পতিবার রাতে শুরু হয়ে শুক্রবার দুপুরে শেষ হয় বিয়ের আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মীয় রীতি মেনে পুরোহিতের মন্ত্রপাঠ ও অগ্নিসাক্ষীর মধ্য দিয়ে বট-পাকুড়ের বিয়ে সম্পন্ন হয়। এতে অংশ নেন শত শত গ্রামবাসী।
স্থানীয়রা জানান, গ্রামে পাশাপাশি থাকা প্রায় ২০০ বছরের পুরোনো একটি বট ও পাকুড়গাছ ২০২৩ সালের অক্টোবর মাসে ঝড়ে ভেঙে পড়ে। গাছ দুটির স্মৃতি ধরে রাখতে স্থানীয়রা পাশে নতুন করে একটি বট ও একটি পাকুড়গাছের চারা রোপণ করেন। তিন বছরের পরিচর্যায় গাছ দুটি বড় হলে গ্রামের প্রবীণ ব্যক্তিরা তাদের বিয়ের আয়োজনের সিদ্ধান্ত নেন।
পাকুড়গাছটির নাম রাখা হয় ‘তীর্থ শিকদার’। গ্রামের বাসিন্দা চিত্ত রঞ্জন শিকদারের ছেলে হিসেবে গাছটির নামকরণ করা হয়। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সরকারের মেয়ে হিসেবে বটগাছটির নাম রাখা হয় ‘শুক্লা সরকার’।
বৃহস্পতিবার রাতে পুরোহিত মনতোষ গোস্বামী মন্ত্রপাঠের মাধ্যমে বিয়ের প্রথম পর্ব শুরু করেন। এ সময় শুভদৃষ্টি ও সাত পাকের আনুষ্ঠানিকতা হয়। প্রতীকী বরযাত্রী কনের বাড়িতে পৌঁছালে ছোট ছেলেমেয়েরা ফিতা দিয়ে পথ আটকে দেয়। পরে ৫০০ টাকা দিয়ে ফিতা কেটে বরযাত্রীরা প্রবেশ করেন।
শুক্রবার বেলা ১১টায় বর-কনের আত্মীয়স্বজন ও গ্রামবাসীর অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। দুপুর দুইটার দিকে পুরোহিত অগ্নিসাক্ষী রেখে মন্ত্রপাঠ করেন। এ সময় ১০ থেকে ১৫ জন নারী প্রতীকী বর-কনেকে কোলে নিয়ে সাত পাক ঘোরান। শতাধিক নারী উলুধ্বনি দিয়ে অনুষ্ঠানস্থল মুখরিত করেন। পরে কয়েকশ মানুষের অংশগ্রহণে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।
গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দ্র মোহন শিকদার (৭৫) বলেন, পুরোনো গাছ দুটি তাঁর জন্মের আগে থেকেই ছিল। তাঁর ধারণা, গাছ দুটির বয়স ২০০ বছরের বেশি। এগুলো এলাকার পরিচয়ের অংশ ছিল। স্মৃতি ধরে রাখতেই নতুন গাছ দুটি লাগিয়ে বিয়ের আয়োজন করা হয়েছে।
কনের ভাই শিশির সরকার বলেন, পুরোনো গাছের স্মৃতি ধরে রাখার পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন।
বরের বাবা চিত্ত রঞ্জন শিকদার বলেন, একটি গাছকে ছেলে হিসেবে পেয়ে তাঁর ছেলের অভাব কিছুটা হলেও পূরণ হয়েছে। অন্যদিকে কনের বাবা পবিত্র কুমার সরকার বলেন, ১৯৯৬ সালে তাঁর ছয় বছর বয়সী মেয়ে শুক্লা সরকার সুমি মারা যায়। মেয়ের স্মৃতি ধরে রাখতেই বটগাছটিকে মেয়ের পরিচয়ে বিয়ে দিয়েছেন। এ বিয়ের মধ্য দিয়ে দুই পরিবারের মধ্যে আত্মীয়তার বন্ধনও তৈরি হয়েছে।
পুরোহিত মনতোষ গোস্বামী বলেন, ভারতে এ ধরনের বিয়ের আয়োজন তিনি আগে দেখেছেন। সেখানকার কিছু নিয়মকানুন অনুসরণ করেই এ বিয়ের মন্ত্রপাঠ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।
(ঢাকা টাইমস/২৭নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









