দুই শতাধিক কবি-সাহিত্যিকের অংশগ্রহণে বগুড়ায় শুরু কবি সম্মেলন

দেশের বিভিন্ন প্রান্তের দুই শতাধিক কবি-সাহিত্যিকের অংশগ্রহণে বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কবি সম্মেলন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া লেখক চক্রের আয়োজনে সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। ফিতা কেটে তিনি সম্মেলনের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষে এবারের সম্মেলনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বিশেষ আয়োজন রাখা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি মুহম্মদ শহীদুল্লাহ।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও কবি সম্মেলন উদযাপন পরিষদের সদস্যসচিব কবি ইসলাম রফিক। অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন এবং প্রকাশনা ও কবি ব্যাগ উপহার দেন তিনি।
পারিবারিক কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় সম্মেলন উদযাপন পরিষদের আহ্বায়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ শুভেচ্ছা জানিয়েছেন।
উদ্বোধনের পর বগুড়া লেখক চক্রের মুখপত্র ‘ঈক্ষণ’, বেড়ে ওঠার কাগজ ‘নিওর’, স্মারকগ্রন্থ, দুটি সেমিনার পেপার এবং মুহম্মদ শহীদুল্লাহর কাব্যগ্রন্থ ‘নিজস্ব দুঃখগুলো’র মোড়ক উন্মোচন করা হয়।
কথাসাহিত্যিক ও বাচিকশিল্পী মাহফুজ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. আব্দুল মজিদ প্রামাণিক, এসআরবি-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ, জেলা কালচারাল অফিসার মো. মাহমুদুল হাসান, জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কে এম খায়রুল বাশার এবং বগুড়া লেখক চক্রের উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকার। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির উপপরিচালক ও ছড়াকার ইমরুল ইউসুফ।
তিন দিনব্যাপী সম্মেলনে দুটি সেমিনার, পাঁচটি মুক্ত আলোচনা এবং সাতটি পর্বে স্বরচিত কবিতা ও ছড়া পাঠের আয়োজন রয়েছে। সম্মেলনের দ্বিতীয় দিন বিকেল ৪টায় আটজন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৬ দেওয়া হবে। তৃতীয় দিনে কবিরা জিয়াবাড়ি ও মমইন পরিদর্শন করবেন।
সম্মেলন উপলক্ষে জেলা পরিষদ চত্বরে বসেছে মিনি বইমেলা। সেখানে বাংলা একাডেমি, শিশু একাডেমি ও পল্লী উন্নয়ন একাডেমির প্রকাশনা পাওয়া যাচ্ছে। বগুড়া লেখক চক্রের স্টলে বিক্রি হচ্ছে জাতীয় ও স্থানীয় লেখকদের বই এবং লিটল ম্যাগাজিন। পাশাপাশি রয়েছে শীতকালীন পিঠার আয়োজন।
এর আগে সম্মেলন উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেওয়া কবি-সাহিত্যিকেরা নেচে-গেয়ে আনন্দ করেন।
সম্মেলনের প্রথম দিনে একটি সেমিনার, তিনটি মুক্ত আলোচনা এবং তিন পর্বে কবিতা ও ছড়া পাঠ অনুষ্ঠিত হয়। এ ছাড়া কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা ও তার কবিতা আবৃত্তি করা হয়।
(ঢাকা টাইমস/২৭নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










