গুরুতর আহত হয়েও দায়িত্বে অবিচল আনসার সদস্য

বরিশাল বিমানবন্দরে বৈদ্যুতিক কেবল চুরি ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মিঠু হালদার। চোরকে আটক করতে গেলে তার হাতে ধারালো কাঁচির আঘাত লাগে। পরে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার সকাল ছয়টার দিকে বরিশাল বিমানবন্দরের আনসার গার্ডের ২৫ নম্বর পোস্টে এ ঘটনা ঘটে।
আনসার বাহিনীর গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব পালনকালে মিঠু হালদার দেখতে পান, ঘাস কাটার শ্রমিকদের সঙ্গে এক ব্যক্তি পোস্টের ভেতরে প্রবেশ করে মাটি খুঁড়ে বৈদ্যুতিক কেবল চুরি করছেন। বিষয়টি বুঝতে পেরে তিনি ওই ব্যক্তিকে আটক করতে এগিয়ে যান।
এ সময় অভিযুক্ত ব্যক্তি হাতে থাকা কাঁচি দিয়ে মিঠু হালদারের মাথায় আঘাত করার চেষ্টা করেন। তিনি হাত দিয়ে আঘাতটি প্রতিহত করলে তার আঙুল গুরুতর জখম হয়। পরে ওই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আহত মিঠু হালদারকে তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তার বৃদ্ধাঙ্গুলির টেন্ডন কেটে যাওয়ার বিষয়টি শনাক্ত করেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জেলা কমান্ড্যান্টের অনুমতিক্রমে রেঞ্জ অফিসের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সিপাহি মো. আজাদ হোসেনের সঙ্গে তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
আনসার বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নিজের নিরাপত্তার ঝুঁকি উপেক্ষা করে সরকারি সম্পদ রক্ষা ও অপরাধ প্রতিরোধে মিঠু হালদারের এ পদক্ষেপ বাহিনীর সদস্যদের কর্তব্যনিষ্ঠা ও পেশাদারত্বের প্রতিফলন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













