মাওলানা সাদের বক্তব্যে দেওবন্দের আপত্তির কারণ জানালেন সালমান বজুনুরি

তাবলিগি জামাতের একাংশের আমির মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভির কিছু বক্তব্যকে আকিদা ও দ্বীনি ব্যাখ্যার ক্ষেত্রে গুরুতর বিচ্যুতি হিসেবে উল্লেখ করেছেন ভারতের দারুল উলুম দেওবন্দের উস্তাদুল হাদিস মাওলানা সালমান বজুনুরি নকশবন্দি। তিনি বলেছেন, মাওলানা সাদের এসব বক্তব্যের সঙ্গে আকাবিরে দেওবন্দের চিন্তাধারা ও কর্মপদ্ধতির মৌলিক পার্থক্য রয়েছে। তবে এই সমালোচনার পেছনে কোনো ব্যক্তিগত বিদ্বেষ, পারিবারিক বিরোধ কিংবা আর্থিক স্বার্থ নেই বলেও স্পষ্ট করেন তিনি।
মাওলানা সালমান বজুনুরি বলেন, দ্বীনকে সঠিকভাবে সংরক্ষণ করা, দ্বীনের নামে ভুল বিষয় প্রচারের প্রতিবাদ করা এবং ভুল ব্যাখ্যা সংশোধন করা আলেমদের অন্যতম দায়িত্ব। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পর থেকেই কোরআন-সুন্নাহর দলিল ও ইখলাসের ভিত্তিতে বিভ্রান্তিকর চিন্তাধারার প্রতিবাদ করে আসছে।
মাওলানা সাদের প্রতি কোনো হিংসা বা শত্রুতা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘তাবলিগি জামাতের অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টিও এর সঙ্গে জড়িত নয়। মাওলানা সাদ এমন একটি সম্মানিত পরিবারের সদস্য, যা জামাতে দেওবন্দের মধ্যে সব সময় মর্যাদার অধিকারী। তার পরিবারের প্রতি আমাদের বিশেষ ভালোবাসা ও সম্মান রয়েছে। তবে ঘনিষ্ঠজনের ভুলের বিষয়েও নীরব থাকা দারুল উলুম দেওবন্দের নীতি নয়।’
তাবলিগের কর্মপদ্ধতি নিয়ে পুরোনো আলোচনার প্রসঙ্গ টেনে এই মুহাদ্দিস বলেন, হজরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস (রহ.)-এর সময় থেকেই তাবলিগের বিভিন্ন আমল ও শ্রেণিবিন্যাস নিয়ে আলেমদের মধ্যে কিছু প্রশ্ন ছিল। এর জবাবে শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া (রহ.) পৃথক রিসালা রচনা করেছেন। এ ছাড়া ১৯৫৩ সালের ‘আল-ফুরকান’ পত্রিকার তথ্য অনুযায়ী, মাওলানা মানজুর নোমানি (রহ.) ও মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নদভি (রহ.)-ও বিভিন্ন সময়ে তাবলিগের কাজের সংশোধনে ভূমিকা রেখেছেন।
তবে মাওলানা সাদের সাম্প্রতিক কিছু বক্তব্য পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে বলে মনে করেন সালমান বজুনুরি। তার ভাষায়, ‘এসব বক্তব্যের কিছু অংশ সাধারণ ভুলের পর্যায়ে সীমাবদ্ধ নয়; বরং আকাবিরদের কর্মপদ্ধতি থেকে বিচ্যুতি এবং কিছু ক্ষেত্রে আকিদাসংশ্লিষ্ট বিষয়েও আপত্তির অবকাশ তৈরি করেছে। এসব বক্তব্যের গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া কঠিন।’
দারুল উলুম দেওবন্দের বর্তমান মুহতামিমের অবস্থান প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি মুহতামিম সাহেবের দরসের একটি বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝির আশঙ্কা তৈরি হলে তিনি চার মিনিটের একটি রেকর্ডিং প্রকাশ করেন। মুহতামিমের সেই বক্তব্যই দারুল উলুম দেওবন্দের চূড়ান্ত ও প্রাতিষ্ঠানিক অবস্থান।
মাওলানা সাদের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে সালমান বজুনুরি বলেন, কেবল ভালোবাসা ও ঐক্যের কথা বললে মূল সমস্যার সমাধান হবে না। বরং মাওলানা সাদের উচিত নিজের বক্তব্য ও চিন্তাধারা নিয়ে গুরুত্বের সঙ্গে আত্মপর্যালোচনা করা। তার কারণে জামাতে দেওবন্দের মধ্যে বিভক্তি তৈরি হচ্ছে এবং অন্যরা এ থেকে সুযোগ নেওয়ার অবকাশ পাচ্ছে।
বক্তব্যের শেষাংশে শিক্ষার্থীদের আবেগের বশবর্তী না হয়ে কোরআন-সুন্নাহর আলোকে ইলমি অধ্যয়ন বাড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি স্পষ্ট করেন, তাদের বিরোধ কোনো ব্যক্তির সঙ্গে নয়, বরং ভুল চিন্তাধারা ও মতাদর্শের সঙ্গে।(ঢাকাটাইমস/২৮ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













