চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন, স্থানীয়দের তৎপরতায় রক্ষা পেল ট্রেন

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৮
অ- অ+

চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বগিটির দুটি আসন পুড়ে গেছে। তবে ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজনের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) রাতে চাঁদপুর কোর্ট স্টেশনে এ ঘটনা ঘটে। আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর কোর্ট স্টেশনে পৌঁছানোর পর শেষ গন্তব্য বড় স্টেশনের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ট্রেনের সর্বশেষ বগি থেকে ধোঁয়া বের হতে দেখেন স্টেশনে থাকা লোকজন। তাৎক্ষণিকভাবে ট্রেনের কর্মচারী ও স্থানীয়রা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। এতে বগিটির দুটি আসন পুড়ে গেলেও আগুন অন্যত্র ছড়িয়ে পড়তে পারেনি।

ট্রেনের কর্মচারীরা জানান, আগুনের ঘটনার পর ওই বগির কাছাকাছি একটি বোতল পড়ে থাকতে দেখা গেছে। তাদের ধারণা, দুর্বৃত্তরা পেট্রলজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগিয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মারুফ হোসাইন বলেন, ‘ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে দুটি আসন পুড়ে গেলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত বগিটি পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত করা যায়নি।’

চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ‘কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন ভোর ৫টায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় এবং বিকেল সোয়া ৫টায় চট্টগ্রাম থেকে ছেড়ে রাত ১০টার দিকে চাঁদপুরে পৌঁছায়।

(ঢাকাটাইমস/২৮ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
বিশ্বখ্যাত ফুড ব্র্যান্ড কেএফসির ৫০তম আউটলেট এখন বসুন্ধরায়
১৬ ডিসেম্বর চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল: যাত্রীদের মাশুল বাড়ছে তিন গুণ, নতুন বিমানবন্দরে ১০০ কিলোমিটারে নিষেধাজ্ঞা
পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, তাপমাত্রা নামলো ১৩.১ ডিগ্রিতে