নড়াইলে গরু বহনকারী ট্রলি খাদে পড়ে চালক নিহত

নড়াইলের মাইজপাড়া-পোড়াডাঙ্গা-ধলগা সড়কের হোসেনপুর এলাকায় গরু বহনকারী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক ইকরামুল মোল্যা (৪৩) নিহত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকরামুল যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের আবুবক্কর মোল্যার ছেলে।
বহরারমপুর গ্রামের সাকিল আহম্মেদ জানান, ইকরামুল শনিবার সকালে পাশের খলসি গ্রামের শওকতের বাড়ি থেকে দু’টি গরু কিনে নিয়ে ট্রলিযোগে নড়াইল পৌরসভার গারুচিরায় আসছিলেন। পথিমধ্যে নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর এলাকায় একটি মোড়ে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
গুরুতর আহত ইকরামুলকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মেজবাহ আহম্মেদ শাওন জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত একরামুলের পরিবারের সদস্যরা জানান, এ দুর্ঘটনায় গরু দুটিও আহত হয়েছে। একরামুল কয়েকবছর সৌদিআরবে থেকে প্রায় ছয়মাস আগে বাড়িতে এসে ট্রলি চালানো শুরু করেন। গৃস্থ ও ব্যবসায়ীদের গরু কেনাবেচার কাজে ইকরামুল ট্রলি নিয়ে বিভিন্ন হাট এবং গ্রাম-গঞ্জে যেতেন। আজ পাশের গ্রামের শওকতের বাড়ি থেকে ট্রলিতে করে দুটি গরু আনার সময় এ দুর্ঘটনায় ইকরামুল নিহত হন। তার পরিবারে স্ত্রী, একটি ছেলে ও দুটি মেয়ে রয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(ঢাকা টাইমস/২৮নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












