সরকারবিরোধী পোস্টের অভিযোগে সাঁথিয়ায় ডা. রাশিদুল হাসান রাজন গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ও চিকিৎসক ডা. রাশিদুল হাসান রাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে পাবনার সাঁথিয়া পৌর সদরের ইতালি মার্কেটে অবস্থিত তার ব্যক্তিগত চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডা. রাশিদুল হাসান রাজন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সাঁথিয়া পৌর সদরের ইতালি মার্কেটে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। এ সময় রোগী দেখা অবস্থায় চেম্বার থেকে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
গ্রেপ্তারকৃত চিকিৎসককে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে। ডাক্তার রাশিদুল হাসান রাজন সাঁথিয়া উপজেলার শরিষা গ্রামের বাসিন্দা।
এ বিষয় সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ডা. রাশিদুল হাসানকে সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
(ঢাকা টাইমস/২৮নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











