হাসপাতালে আহত আনসার সদস্যদের খোঁজ নিলেন ডিজি সাজ্জাদ মাহমুদ

গাজীপুরের শালনায় পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে হামলায় আহত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দেখতে হাসপাতালে গেছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি আহত সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
শনিবার আনসার-ভিডিপি হাসপাতাল পরিদর্শন করে আহত সদস্যদের সঙ্গে কথা বলেন মহাপরিচালক।
দুপুরে বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ নভেম্বর গাজীপুরের শালনায় পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তিন কর্মকর্তা এবং আনসার ব্যাটালিয়নের ছয় সদস্য। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।
আহত কর্মকর্তারা হলেন–সার্কেল অ্যাডজুট্যান্ট সুকুমার, রনি ও আরাফাত। আহত সদস্যরা হলেন হাবিলদার শুকুর মাহমুদ, নায়েক আ. রহিম, নায়েক শাহাদাৎ হোসেন, ল্যান্স নায়েক আবদুল হান্নান, সিপাহি মহসিন ও সিপাহি মাসুম শেখ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হামলার পরপরই আহত ব্যক্তিদের আনসার-ভিডিপি হাসপাতালে নেওয়া হয়। মহাপরিচালকের তাৎক্ষণিক নির্দেশনায় অতিরিক্ত মহাপরিচালকসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা তদারকি করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গাজীপুর জেলার শিল্পকারখানা, জনজীবন ও মহাসড়কের নিরাপত্তা রক্ষায় বর্তমানে আনসার ব্যাটালিয়নের ১৯টি প্লাটুন দায়িত্ব পালন করছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











