সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির, চোরাচালান-মাদক ঠেকাতে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, মানবপাচার, ‘পুশ ইন’ ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার দুপুরে বঙ্গভবনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে বিজিবির মহাপরিচালক রাষ্ট্রপতিকে বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। সীমান্তে নজরদারি বাড়াতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগের কথাও জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত সুরক্ষায় বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে বিজিবির কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন রাষ্ট্রপতি।
সাক্ষাতের শুরুতে বিজিবির মহাপরিচালক রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানান।
এ সময় রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































