বিজিবির ‘সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধবিদ্যা স্কুলের’ যাত্রা শুরু

সীমান্ত নিরাপত্তাব্যবস্থাকে আরও আধুনিক, তথ্যনির্ভর ও প্রযুক্তিসক্ষম করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধবিদ্যা স্কুল’ (Shimanto School of Surveillance and Drone Warfare—SSSDW) প্রতিষ্ঠা করেছে। আজ মঙ্গলবার সিলেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধবিদ্যা স্কুল’-এর উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরাইল রিজিয়নের কমান্ডার, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ও প্রধান প্রশিক্ষক, সিলেট অঞ্চলের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী আলোকচিত্র পর্বে অংশ নেন। পরে তিনি প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কমপ্লেক্স ও প্রদর্শন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ সালাহ উদ্দীন সিলেটে প্রতিষ্ঠিত এই প্রশিক্ষণকেন্দ্রের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং বিজিবিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ড্রোনের আভিযানিক প্রশিক্ষণ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
পরে প্রশিক্ষণ মাঠে বিজিবির প্রশিক্ষিত ড্রোন চালকদের অংশগ্রহণে ড্রোনের আভিযানিক ব্যবহার ও সক্ষমতা প্রদর্শন করা হয়।
মহড়ায় ছয় সদস্যের টহল দলের অভিযানে ড্রোনের ব্যবহার দেখানো হয়। এ ছাড়া চোরাচালানবিরোধী অভিযানে ড্রোনের মাধ্যমে চোরাকারবারিদের শনাক্ত ও আটকের কৌশল প্রদর্শন করা হয়।
সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে ঠেলে পাঠানোর ঘটনা প্রতিরোধেও ড্রোন ব্যবহারের মহড়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি অপরিচিত বা অননুমোদিত ড্রোন শনাক্ত ও নিয়ন্ত্রণে প্রতিরোধব্যবস্থার ব্যবহার দেখানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজিবিতে সংযুক্ত ‘ম্যাভিক’ ড্রোনের উড্ডয়ন প্রদর্শনের মাধ্যমে ড্রোন মহড়া শেষ হয়।
বিজিবি জানিয়েছে, নতুন এই প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে সীমান্ত নজরদারি, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন আভিযানিক কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































