ময়লা-আবর্জনা পরিষ্কারে মাঠে গাজীপুরের পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫০
অ- অ+

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে গাজীপুরে শুরু হয়েছে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান। ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে আজ শনিবার সকালে গাজীপুর নগরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

সকাল নয়টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে গাজীপুরের শ্মশান ঘাট–জয়দেবপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. ইসরাইল হাওলাদার।

উদ্বোধনের পর পুলিশ কমিশনার নিজেও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। স্থানীয় পরিচ্ছন্নতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি ময়লা-আবর্জনা অপসারণে অংশ নেন। এ সময় তিনি ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন।

গাজীপুর জেলা প্রশাসন ও গাজীপুর সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে নগরের শ্মশান মন্দির, শ্মশান মোড়, রাজ শ্মশানের পাড় ও চেলা বিলের পাড় এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট, বিএনসিসি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬০০ থেকে ৭০০ মানুষ অংশ নেন।

অভিযানে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি পানি জমে থাকা স্থান চিহ্নিত করে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক, সিভিল সার্জন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্কাউট ও বিএনসিসির সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, আগামী তিন মাসের মধ্যে জেলার আনাচে-কানাচে জমে থাকা বর্জ্য পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা বজায় রাখা না হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে।

পরিচ্ছন্নতা অভিযানে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, শুধু সরকারি উদ্যোগ নয়, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন গাজীপুর গড়তে সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও জরুরি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ যুবক নিহত
ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান
স্কুলের সামনে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু