বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম

ডলার ও তেলের দাম কমে যাওয়ায় বৃহস্পতিবার স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা মার্কিন ফেডারেল রিজার্ভের সর্বশেষ সুদহার বৃদ্ধি এবং আরও নীতি কঠোর করার সম্ভাবনা মূল্যায়ন করছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩১২ দশমিক ০৫ ডলারে উঠেছে। বুধবার প্রায় ছয় সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল স্বর্ণের মূল্য। তবে ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে ৪ হাজার ৩৫১ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে, ডলারের মূল্য সাত সপ্তাহের সর্বোচ্চ অবস্থান থেকে কিছুটা কমেছে। এতে অন্যান্য মুদ্রার ধারকের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলকভাবে সস্তা হয়েছে। একই সময়ে সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা কমে যাওয়ায় তেলের দামও আরও কমেছে।
বুধবার ফেড সুদহার বাড়িয়েছে এবং আগামী কয়েক মাসে আরও সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার উপায় হিসেবে বিবেচনা করা হয়। তবুও উচ্চ সুদের হারের পরিবেশে সুদ-প্রদানকারী সম্পদের আকর্ষণ বেড়ে যাওয়ায় স্বর্ণের প্রতি আগ্রহ কমে যায়।
বৃহস্পতিবার ব্যাংক অব ইংল্যান্ড সুদহার অপরিবর্তিত রাখবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, শুক্রবার ব্যাংক অব জাপান সুদহার ৩১ বছরের সর্বোচ্চ পর্যায়ে নিতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে, স্পট রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩ দশমিক ৮৩ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৭৭২ দশমিক ১৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ২৯১ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে।
দেশে স্বর্ণের দাম দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপার গহনা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায়। একই মানের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৬ টাকা।
শনিবার (১২ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। ওইদিন সকাল ১০টা থেকে নতুন দামে স্বর্ণ ও রুপার গহনা বিক্রি শুরু হয়। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকায়। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা। এ ছাড়া কম দামি বা সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকায়।
অন্যদিকে, রুপার গহনার মধ্যে ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৪ হাজার ৭৮২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৪ হাজার ৮২ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯১ টাকা। উল্লেখ্য, এক ভরি স্বর্ণ বা রুপার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













