তিন কর্মসূচিতে ৪৬ হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছে বিডব্লিউসিসিআই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৯
অ- অ+

অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিক্যাল এবং স্কিলস আপগ্রেডেশন—তিন ধরনের প্রশিক্ষণ কর্মসূচিতে দেশজুড়ে ৪৬ হাজার ২৪৮ জন নারীকে দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

১২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এই প্রশিক্ষণ ১ হাজার ৯২৭টি ব্যাচে সম্পন্ন হয়েছে, যা প্রতি ব্যাচে ২৪ জন নির্ধারিত লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন। প্রতিষ্ঠানভিত্তিক এই এন্টারপ্রাইজ-বেইজড ট্রেনিং কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণাধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর বাস্তবায়িত অ্যাসেট প্রকল্পের আওতায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) পরিচালনা করছে।

তিন কর্মসূচির মধ্যে সবচেয়ে বেশি প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন অ্যাপ্রেন্টিসশিপ ডুয়াল-মোড ট্রেনিং প্রোগ্রামে। এই কর্মসূচিতে ১ হাজার ৫৩৩টি ব্যাচে ৩৬ হাজার ৭৯২ জন নারী প্রশিক্ষণ পেয়েছেন। শিক্ষানবিশ ভিত্তিতে পরিচালিত এই কর্মসূচিতে প্রশিক্ষণার্থীরা শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব কর্মপরিবেশে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন।

টেকনিক্যাল অ্যান্ড স্কিলস ট্রেনিং প্রোগ্রামে ২৫৮টি ব্যাচে ৬ হাজার ১৯২ জন এবং স্কিলস আপগ্রেডেশন ট্রেনিং প্রোগ্রামে ১৩৬টি ব্যাচে ৩ হাজার ২৬৪ জন প্রশিক্ষণ নিয়েছেন। তিন কর্মসূচি মিলিয়ে ১ হাজার ৯২৭টি ব্যাচে মোট ৪৬ হাজার ২৪৮ জন নারী প্রশিক্ষণের আওতায় এসেছেন; প্রশিক্ষণার্থীদের সবাই নারী।

ইন্ডাস্ট্রি পার্টনার হিসেবে বিডব্লিউসিসিআই বিভিন্ন জেলার শিল্পকারখানা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে প্রশিক্ষণার্থীদের সংযোগ স্থাপন করছে। অ্যাপ্রেন্টিসশিপ, চাকরির সুযোগ, উদ্যোক্তা উন্নয়ন, বাজারসংযোগ এবং প্রয়োজনীয় ব্যবসায়িক ও আর্থিক পরামর্শ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের প্রাতিষ্ঠানিক চাকরির পাশাপাশি বাড়িভিত্তিক কাজ, আত্মকর্মসংস্থান কিংবা উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করার পথ তৈরি হয়।

দক্ষতা যাচাইয়ে এ পর্যন্ত ৩৮ হাজার ৪৮ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন এবং তাঁদের মধ্যে ২৬ হাজার ৫৭৪ জন দক্ষ হিসেবে মূল্যায়িত হয়েছেন, যা অংশগ্রহণকারীদের প্রায় ৬৯ দশমিক ৯ শতাংশ। চাকরি বা আত্মকর্মসংস্থানে যুক্ত হওয়ার তথ্য রেকর্ড হয়েছে ১৩ হাজার ৮৯৫ জনের, যা দক্ষ হিসেবে মূল্যায়িতদের প্রায় ৫২ দশমিক ৩ শতাংশ। চলমান সাইকেলগুলো শেষ হলে এই সংখ্যা আরও হালনাগাদ হবে।

প্রশিক্ষণে টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও মডেলিং, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, এমব্রয়ডারি, হ্যান্ড স্টিচিং, ব্লক-বাটিক ও স্ক্রিন প্রিন্টিং, বিউটিফিকেশন, কেয়ারগিভিং, আইসিটি ও ফ্রিল্যান্সিং এবং এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ে বাজারমুখী দক্ষতা দেওয়া হচ্ছে।

অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রশিক্ষণার্থীদের মধ্যে ১৪ জন প্রতিবন্ধী নারী ও ২৬৩ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দক্ষতা যাচাইয়ে অংশ নিয়েছেন ১৩ জন প্রতিবন্ধী নারী ও ১৬১ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী; দক্ষ হিসেবে মূল্যায়িত হয়েছেন ৮ জন প্রতিবন্ধী নারী ও ৯৪ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী। প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা প্রশিক্ষণে অগ্রাধিকার পেয়েছেন।

পরবর্তী পর্যায়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে যোগ্য প্রশিক্ষণার্থীদের দক্ষতা যাচাইয়ে অন্তর্ভুক্ত করা, দক্ষতা অর্জনের হার বাড়ানো, দক্ষ নারীর কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, নারী উদ্যোক্তাদের বাজার ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা এবং কর্মসংস্থানের তথ্য নিয়মিত যাচাই করা।

বিডব্লিউসিসিআইয়ের প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ বলেন, “একজন নারী যখন অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আয় করতে শুরু করেন, তখন এর সুফল শুধু তাঁর নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে না; পরিবার ও স্থানীয় অর্থনীতিতেও তার ইতিবাচক প্রভাব পড়ে।”

অ্যাসেট-বিডব্লিউসিসিআই প্রকল্পের ডেপুটি সাব-প্রজেক্ট ম্যানেজার সুমন্ত কুমার মহন্ত বলেন, “অ্যাসেট প্রকল্পের এন্টারপ্রাইজ-বেইজড ট্রেনিং কার্যক্রমের মাধ্যমে ৪৬ হাজারের বেশি নারীকে দক্ষতা প্রশিক্ষণের আওতায় আনা একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে আমাদের লক্ষ্য শুধু প্রশিক্ষণ দেওয়া নয়। আমরা চাই, নারীরা অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে চাকরি পান, আত্মকর্মসংস্থানে যুক্ত হন কিংবা নিজের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। এর মাধ্যমে তাঁরা বিভিন্ন পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন।”

(ঢাকা টাইমস/১৭সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মির্জাপুরে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা, সেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
ঝিনাইদহে মিথ্যা ধর্ষণচেষ্টার মামলা আদালতে খারিজ, বাদী কারাগারে
বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাস বেছে নেব: আসিফ মাহমুদ
রাজবাড়ীতে দুটি ওয়ান শুটার গান, কার্তুজ ও ককটেল উদ্ধার; গ্রেপ্তার ১