লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, কমিশনারের স্টাফ অফিসার প্রত্যাহার ও শোকজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬
অ- অ+

গাজীপুরে বিরোধীদলের লংমার্চ নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়ার ঘটনায় এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। একই ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশও (শোকজ) দেওয়া হয়েছে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তা খন্দকার জালাল উদ্দীন মাহমুদ দীর্ঘদিন ধরে জিএমপি কমিশনারের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে বর্তমানে জিএমপির হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে।

জিএমপির উপপুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারপ্রাপ্ত স্টাফ অফিসারকে প্রত্যাহার করে হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে। ফেসবুক পোস্টের কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি।

গতকাল শনিবার বিরোধীদলের লংমার্চ উপলক্ষে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়। সকাল ১০টায় সেখানে বিরোধীদলের নেতা ডা. শফিকুর রহমানসহ ১১-দলীয় ঐক্যের নেতারা বক্তব্য দেন।

পথসভাকে কেন্দ্র করে গাজীপুরের বিভিন্ন মহাসড়ক ও সভাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

পথসভা শেষে জিএমপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লংমার্চ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে লংমার্চের গন্তব্য ও দাবির পাশাপাশি এর সময়সূচি, জনসমাগম এবং নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে তথ্য তুলে ধরা হয়।

পোস্টে বলা হয়, লংমার্চ সকাল ৯টায় জিএমপি-গাজীপুর এলাকায় প্রবেশ করে। পরে সকাল ১০টায় ভোগড়া বাইপাস এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য শেষে শান্তিপূর্ণভাবে আবার লংমার্চ চলে যায়। এতে আনুমানিক ৮ থেকে ১০ হাজার মানুষের সমাগম হয় বলেও পোস্টে উল্লেখ করা হয়।

এ ছাড়া লংমার্চের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় জিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানসহ উপপুলিশ কমিশনার, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন বলে জানানো হয়।

পোস্টটি প্রকাশের পর বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এর সমালোচনা করেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিও জানান। পরে জিএমপির ফেসবুক পেজ থেকে পোস্টটি প্রথমে সংশোধন করা হয়। এরপর সেটি মুছে দেওয়া হয়।

এরপর খন্দকার জালাল উদ্দীন মাহমুদকে প্রত্যাহার করে হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয় এবং তাকে শোকজ করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় নিহত ২
পল্লবীতে পার্কিং করে রাখা বাসে আগুন
কবে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন? জানালেন ইসি মাছউদ
ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ