তজুমুদ্দিনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩

ভোলার তজুমুদ্দিনে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য অস্ত্রসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। আজ সোমবার ভোররাতে উপজেলার চর মোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন–আব্বাস মাঝি (৪৬), মো. আলমগীর (৪৩) ও মো. আলমগীর হোসেন (৪১)। তারা তজুমুদ্দিনের বাসিন্দা। তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আজ সোমবার সকালে এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত চর মোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন তিনটি বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।
অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি দেশীয় পাইপগান, তিনটি রকেট ফ্লেয়ার, ১৫ রাউন্ড পিস্তল বল, দুটি তাজা কার্তুজ, একটি রাইফেল বল ও চারটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। জব্দ করা অস্ত্র ও গোলাবারুদও আইনগত প্রক্রিয়া অনুযায়ী হস্তান্তর করা হবে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












