যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে, দুই মাসে আয় ৯১৬ মিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯
অ- অ+

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আবারও বেড়েছে। আগস্টে দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ।

এর ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় বেড়েছে ৩ দশমিক ৭৪ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৯১৫ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলারের। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৮৮২ দশমিক ৬২ মিলিয়ন ডলার। অর্থাৎ দুই মাসে রপ্তানি আয় বেড়েছে ৩৩ দশমিক ১ মিলিয়ন ডলার।

এর আগে জুলাইয়ে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি গত বছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৪৪ শতাংশ কমেছিল। তবে আগস্টে ১০ দশমিক ৫৩ শতাংশ প্রবৃদ্ধির ফলে মাসটিতে রপ্তানিতে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির মাসিক গড় দাঁড়িয়েছে ৪৫৭ দশমিক ৮২ মিলিয়ন ডলার। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি থেকে মোট আয় হয়েছিল ৪ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। ওই অর্থবছরে মাসিক গড় রপ্তানি আয় ছিল ৩৬৫ দশমিক ৭১ মিলিয়ন ডলার।

হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানির মাসিক গড় গত অর্থবছরের মাসিক গড়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। আর মাত্র দুই মাসেই গত অর্থবছরের পুরো বছরের রপ্তানি আয়ের ২০ দশমিক ৮৬ শতাংশ অর্জিত হয়েছে।

ইপিবির তথ্য বলছে, আগস্টে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্থবছরের শুরুতে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সামগ্রিক প্রবৃদ্ধি ধরে রাখতে সহায়তা করেছে।

যুক্তরাজ্য বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান রপ্তানি বাজার। অর্থবছরের শুরুতে এ বাজারে রপ্তানি আয় বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে তা দেশের সামগ্রিক তৈরি পোশাক রপ্তানিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

(ঢাকাটাইমস/২৭ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের রাতভর সাঁড়াশি অভিযানে আটক ২৫৪
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুটপাট, শাহ আলী থানার ওসিকে সদরদপ্তরে সংযুক্ত
রাশিয়ার এলব্রুসের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন পর্বতারোহী শাকিল
ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ