ফায়ার সার্ভিসের নতুন ডিজির দায়িত্ব গ্রহণ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। আজ সোমবার (১২ অক্টোবর) তিনি বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাপরিচালক হিসেবে দুই বছর ১০ দিন দায়িত্ব পালনের পর ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করেছেন।
সোমবার সকাল ৯টায় নারায়ণগঞ্জের জলসিঁড়ি ফায়ার স্টেশনে নবনিযুক্ত মহাপরিচালককে সঙ্গে নিয়ে গাছের চারা রোপণ করেন বিদায়ী মহাপরিচালক। পরে সকাল ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে বিদায়ী মহাপরিচালকের দরবার অনুষ্ঠিত হয়। এতে অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি ও অনলাইনে অংশ নেন।
দুপুর ১২টায় অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে বিদায়ী মহাপরিচালকের কর্মজীবন নিয়ে স্মৃতিচারণা করেন কর্মকর্তারা। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল দায়িত্ব পালনকালের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সহযোগিতার কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠান শেষে বিদায়ী মহাপরিচালক আনুষ্ঠানিকভাবে নতুন মহাপরিচালকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরে তিনি অধিদপ্তরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করে সদর দপ্তর ত্যাগ করেন।
দায়িত্ব গ্রহণের পর বিকেল চারটায় অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন নতুন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি জনগণের জানমালের সুরক্ষা, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা ও দুর্যোগে দ্রুত সাড়া দেওয়া এবং উদ্ধার কার্যক্রমে পেশাগত দক্ষতা ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় জনসেবার মান আরও উন্নত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ এবং ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ জারি করে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













