আনসার সদস্যদের কল্যাণে মহাপরিচালকের নির্দেশনা, বদলাচ্ছে কর্মপরিবেশ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬, ২১:৪৪
অ- অ+

আনসার সদস্যদের কর্মপরিবেশ উন্নয়ন ও মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে রাজধানীর মিরপুরে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের রান্না ও সুপেয় পানির সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সদস্যদের আবাসন সমস্যা সমাধানে গার্ডটিকে দুটি ভাগে বিভক্ত করার প্রক্রিয়া চলছে।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ অক্টোবর ঢাকা মহানগর আনসারের পরিচালক ও পশ্চিম জোনের জোন কমান্ডার ডেসকো আনসার গার্ড পরিদর্শন করেন। এ সময় তাঁরা দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের আবাসন, রান্নাঘর ও সুপেয় পানিসহ বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। সদস্যদের সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে গার্ডের সদস্যদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ৩৫ কেজি ধারণক্ষমতার গ্যাস সিলিন্ডারসহ একটি নতুন গ্যাসের চুলা স্থাপন করা হয়েছে। এ ছাড়া সুপেয় পানির ব্যবস্থা করতে ৬০ লিটার ধারণক্ষমতার একটি বৈদ্যুতিক পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। এতে সদস্যদের রান্না ও নিরাপদ পানির সংকট নিরসনে অগ্রগতি হয়েছে।

বাহিনীর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি কার্যক্রম শুরু করা ডেসকো আনসার গার্ডে বর্তমানে মোট ৫৮ জন অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে দুজন প্লাটুন কমান্ডার, একজন সহকারী প্লাটুন কমান্ডার এবং ৫৫ জন আনসার সদস্য রয়েছেন।

এসব সদস্য ডেসকো প্রাইভেট কোম্পানি লিমিটেডের আটটি পয়েন্ট ও সাব-অফিসে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সদস্যসংখ্যা ও দায়িত্বের পরিধি বিবেচনায় তাঁদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং কর্মপরিবেশ উন্নয়নে নেওয়া উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়ায় ডেসকো আনসার গার্ডের সদস্যরা মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাঁদের মতে, সদস্যদের বাস্তব সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোযোগ কর্মপরিবেশে ইতিবাচক পরিবর্তন আনে এবং দায়িত্ব পালনে আত্মবিশ্বাস ও মনোবল বাড়াতে সহায়তা করে।

বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে সদস্যদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব পালনে আরও অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা
কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নিলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন
ভিসা শেষের পথে থাকা প্রবাসীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে: বিমানমন্ত্রী