মালিবাগ–মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ফ্লাইওভারটির মৌচাক অংশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—অটোরিকশাচালক নয়ন তালুকদার (৭০) এবং মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত আশিক (২১)।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার খান জানান, ভোরে ফ্লাইওভারটির মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিং এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠায়।
নিহত অটোরিকশাচালক নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায়। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় বসবাস করতেন। অপরদিকে মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত আশিক দক্ষিণ মুগদা এলাকায় থাকতেন। তার বাবার নাম ইব্রাহিম বাবু। তিনি ২০২৫ সালে সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
(ঢাকাটাইমস/০১ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































